দুবাই, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী ইরানকে বন্ধ করতে দেওয়া হবে না বলে শাসানোর পর সোমবার উপসাগরে মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ইরানে হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি গত মাসে দিয়েছিল ইরানের রেভল্যুশনারী গার্ড বাহিনী। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ওই পথ বন্ধ করতে দেওয়া হবে না বলে ইরানকে শাসায়।
ইসরায়েল গত মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার মহড়া চালিয়েছে এমন খবরে দেশটিতে হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়।
ওদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা বিরোধে তেলের দাম বেড়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে উপসাগরে নতুন করে মহড়া শুরু করল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুদ্ধজাহাজের পাশাপাশি এ মহড়ায় অংশ নিচ্ছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি বাহারাইনের যুদ্ধজাহাজ।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, জলপথ সুশৃঙ্খল রাখা এবং আঞ্চলিক অংশীদারদের মধ্যে সম্পর্ক উন্নত করাই এ মহড়ার উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ঘ.
bdnews24