টয়াকো, জাপান, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে আত্মঘাতী গাড়ি বোমা হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, ভারত এবং আফগানিস্তান একই শত্র"র মোকাবেলা করছে।
আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে সোমবারের ওই আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে দূতাবাসের প্রবেশপথে কূটনীতিকদের দুইটি গাড়িকে আঘাত করলে ওই ঘটনা ঘটে। আফগান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বলেন, "আমরা এই অহেতুক হামলার নিন্দা জানাচ্ছি এবং ওই হামলায় আহতদের এবং বিশেষ করে ওইসব পরিবার যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, "চরমপন্থিরা মানুষের প্রতি অবজ্ঞা এবং মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষদের হত্যা করার বাসনা প্রকাশ করতে শুরু করেছে।" একইসঙ্গে তিনি বলেন, "আফগানিস্তান এবং ভারত একই শত্র"র মোকাবেলা করছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আছে।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জি-এইট সম্মেলনে যোগদিতে জাপানে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬৪২ ঘ.
bdnews24