২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি এগিয়ে নিতে জি-এইটে গেলেন মনমোহন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তির পক্ষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন আদায় করে সোমবার জি-এইট সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে তিনি চুক্তিটির একটি সুরাহা করার পথে এগুতে পারেন বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

নয়াদিল্লি, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তির পক্ষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন আদায় করে সোমবার জি-এইট সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে তিনি চুক্তিটির একটি সুরাহা করার পথে এগুতে পারেন বলে মনে করা হচ্ছে। চুক্তিটি চূড়ান্ত হলে বামমিত্রদলগুলোর সমর্থন প্রত্যাহারের হুমকির মুখে সরকার সমাজবাদী দলের সমর্থন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথ করে নিয়েছে। এই চুক্তি চূড়ান্ত হলে নয়াদিল্লি ওয়াশিংটনের ক্রীড়নকে পরিণত হবে এমন সমালোচনা করে চুক্তির বিরোধিতা করে আসছে সরকারের প্রধান বামমিত্রদল সিপিআই (এম)। চুক্তি চূড়ান্ত হলে এটিই হবে চার বছরের কংগ্রেস সরকারের সবচেয়ে বড় অর্জন। এতে করে যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি পাবে ভারত। সেইসঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে। চুক্তির ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ পাবে মার্কিন ও ইউরোপীয় পরমাণু সরঞ্জাম সরবরাহকারী কোম্পানীগুলো। আর ভারতও উদীয়মান অর্থনীতি চালিকাশক্তি হিসাবে বেশি বেশি বিকল্প জ্বালানি পাবে। লাভজনক এই পরমাণু চুক্তি চূড়ান্ত করা এবং ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করতে মনমোহন সরকার ইতোমধ্যেই সমাজবাদী পার্টির সমর্থন আদায় করেছে। এভাবে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচনের আশঙ্কা কংগ্রেস দূর করতে পারল বলেই মনে করা হচ্ছে । ভারতের 'ইকোনোমিক টাইমস' সোমবার এক সম্পাদকীয়তে জানায়, "কেন্দ্রীয় সরকার এবং পরমাণু চুক্তি দুটোই নিরাপদ, সমাজবাদী পার্টিকে ধন্যবাদ।" এর আগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ চারটি বামদলই সরকারকে পরমাণু চুক্তি সম্পর্কে সিদ্ধান্ত জানানোর জন ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়। এছাড়াও বিরোধী দল 'ভারতীয় জনতা পার্টি' বা বিজেপি সরকারকে আস্থা ভোটের আহ্বান জানায়। তবে এটি একরকম নিশ্চিত যে বাম দলগুলো সমর্থন প্রত্যাহার করলে সরকারকে আস্থা ভোট আহ্বান করতে হবে। উল্লেখ্য, পার্লামেন্টে সমাজবাদীদের আসন হচ্ছে ৩৯টি এবং অন্য বাম দলগুলোর আসন ৫৯টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য কংগ্রেস-নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশনের ৪৪ টি আসন দরকার। সমাজবাদীদের সমর্থনের পরও কংগ্রেসের পাঁচটি আসন স্বল্পতা রয়েছে। এটি কাটিয়ে উঠতে সরকার ছোট বাম দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা নেবে। পরমাণু চুক্তি চূড়ান্ত করার প্রথম ধাপেই ভারত সরকারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র অনুমোদন পেতে হবে। তাই এটিই হচ্ছে ভারত সরকারের চুক্তি বিষয়ক পরবর্তী পদক্ষেপ। এরপর এটি মার্কিন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পেতে হবে। আগামী বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং'র সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জজং ডব্লিউ বুশের বৈঠকে বসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই দিনই মনমোহন সিং চুক্তির বিষয়টি নিশ্চিত করবেন। তবে অনেকে বলছেন, বুশের মেয়াদ শেষের আগে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় ইতোমধ্যেই অনেক দেরী হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০০ ঘ.