২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে বিস্ফোরণে পুলিশসহ ১০ জনের বেশি নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার বিখ্যাত লাল মসজিদের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ ১০ জনের বেশি নিহত হয়েছে। এক নগর কর্মকর্তা জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ইসলামাবাদ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার বিখ্যাত লাল মসজিদের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ ১০ জনের বেশি নিহত হয়েছে। এক নগর কর্মকর্তা জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। ঊর্ধ্বতন নগর কর্মকর্তা রানা আকবার বলেন, "বিস্ফোরণে ১০ জনের বেশি নিহত হয়েছে। এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে।" পুলিশ কর্মকর্তা কামরান আদিল জানিয়েছেন, হতাহতদের বেশিরভাগ পুলিশ। পুলিশকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। রয়টার্স টেলিভিশনের এক ক্যামেরাম্যান জানিয়েছেন, "লাল মসজিদের কাছে ওই বিস্ফোরণের পর তিনি ৭ জন পুলিশের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।" প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এই হামলার নিন্দা জানিয়ে, সন্ত্রাসবাদ উচ্ছেদে সরকারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন। লাল মসজিদে সেনা অভিযানের বর্ষপূর্তিতে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটল। গত বছরের এই দিনে মসজিদে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানে নিহত হয় শতাধিক। ওই অভিযানের বর্ষপূর্তির দিনে রোববার সেখানে সমাবেত হয়েছিল কয়েক হাজার মানুষ। অধিকাংশ মাদ্রাসা ছাত্রদের ওই সমাবেশ থেকে গত বছরের হামলার প্রতিশোধ নিতে জিহাদের হুমকি দেওয়া হয়। এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "লাল মসজিদের কাছাকাছি ওই সমাবেশ শেষ হওয়ার ১৫ মিনিট পরেই এই বিস্ফোরণ ঘটে। মসজিদ থেকে কয়েকশ মিটার দূরে একটি ক্রসিংয়ে মোতায়েন পুলিশদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।" পুলিশ কর্মকর্তা আদিল বলেন, "সামবেশ শেষে পুলিশ সদস্যরা যখন ফিরে যাচ্ছিল তখনই এই হামলা হয়। আমরা দশটির বেশি মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫৫ ঘ.