তেহরান, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের তেলমন্ত্রী গোলামহোসেন নাজোরি জানিয়েছেন, পরমাণু প্রকল্প বন্ধ করতে ইরানে কোনোরকম সামরিক হামলা হলে বিশ্বে তেলের দাম হু হু করে বাড়বে। তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত শনিবার একথা জানানো হয়েছে।
নাজোরির উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটে বলা হয়, "সরকারি হিসাবেই যখন তেলের দাম ১০ থেকে ১৫ ডলারে ওঠানামা করছে, সেখানে কেউ যদি ইরানে হামলার মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয় তাহলে তেলের দাম এমন বেড়ে যাবে যা কল্পনা করা যায় না।"
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
কিন্তু পরামাণু প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিরোধের কারণে ইরানে হামলার সম্ভাবনা দিন দিন বাড়ছে। বিশেষ করে ইরানে হামলার প্রস্তুতি স্বরূপ ইসরায়েল গত মাসে সামরিক মহড়া চালিয়েছে বলে খবর প্রাকাশের পর উদ্বেগ আরও বেড়ে গেছে।
এই অবস্থায় ইরানের রেভল্যুশনারি গার্ড গত সপ্তাহে হুমকি দিয়েছে, ইরানে হামলা হলে তারা পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল আমদানি-রপ্তানির প্রধান চ্যানেল পারস্য উপসাগর।
তবে ইরানে হামলার আলোচনাকে নাজোরি 'মস্কারা' অভিহিত করে বলেন, "যে কোনোও ধরনের সামরিক হামালা হলে ইরান উচিৎ জবাব দেবে।"
পরমাণু প্রকল্প বন্ধে বিশ্বশক্তিগুলোর সাহায্য প্যাকেজের বিষয়ে ইরান আলোচনায় রাজি আছে বলে শনিবার জানানোর পর অশোধিত তেলের দাম এক ডলারের বেশি কমেছে।
যদিও ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেন এলহাম শনিবার জানিয়ে দিয়েছেন, প্যাকেজ প্রস্তাব নিয়ে আলেচানার রাজি হলেও ইরান কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24