টোকিও, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, চীন ও ভারতের মতো দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলো তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে রাজি না হওয়া পর্যন্ত বিশ্ব উষ্ণায়ন রোধে চুক্তি অসম্ভব। তবে জি-এইট শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোববার জাপান পৌঁছে জলবায়ু পরিবর্তন রোধে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্র"তি দিয়েছেন।
বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-এইট শীর্ষ সম্মেলন সোমবার (৭ জুলাই) শুরু হচ্ছে জাপানের হোক্কাইডো দ্বীপের একটি বিলাশবহুল হোটেলে। তিনদিনের এই সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেই বুশ রোববার জাপানি প্রধানমন্ত্রী ইয়োসো ফুকুদার সঙ্গে বেঠক করেছেন।
জি-এইট এর এবারের বার্ষিক সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধ এবং বিশ্বব্যাপী খাবার ও জ্বালানির মূল্যবৃদ্ধি। এছাড়া বুশ চাইবেন উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্পের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে বাধ্য করতে শক্তিধর দেশগুলোর পক্ষ থেকে চাপ আরও বৃদ্ধির বিষয়ে সম্মতি আদায় করতে। তাছাড়া দুর্বল মার্কিন ডলারের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
ফুকুদার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বুশ বলেন, "জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে আমি গঠনমূলক পদক্ষেপ নেব। আমি সব সময় বলে আসছি, এই লড়াইয়ে মতৈক্যের ভিত্তি সবাইকে একসঙ্গে লড়তে হবে, এবং সেটা শুরু করতে হবে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে।"
তিনি আরও বলেন, "আমি যা অনুধাবন করতে পেরেছি তা হল, চীন ও ভারত যদি আমাদের মতো একই তাগিদ অনুভব না করে তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারব না।"
জি-এইট এর আট সদস্য দেশ যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, কানাডা, ইটালি ও রাশিয়ার সঙ্গে চীন ও ভারতসহ আরও ১২টি দেশ এই সম্মেলনে যোগ দেবে।
চীন ও ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি কিয়োটো প্রটোকল অনুযায়ী, গ্রিণহাউস গ্যাস নির্গমন কমাতে উন্নত দেশগুলোকেই বেশি দায়িত্ব নিতে হবে।
কিন্তু এ নিয়ে জি-এইট এর দেশগুলোর মধ্যেই মতভেদ আছে। জাপান চাইছে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্ধেকে কমিয়ে আনতে জি-এইট নেতারা সম্মত হবে। তবে কবে থেকে এ লক্ষ্য কার্যকর হবে তা নির্দিষ্ট করে বলা হচ্ছে না।
প্রধানমন্ত্রী ফুকুদা বলেন, "বিশ্বের মানুষ যত রকম হুমকির মধ্যে আছে জলবায়ু পরিবর্তন তার মধ্যে অন্যতম।"
অন্যদিকে, উত্তর কোরিয়াকে তাদের পরমাণু প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য দিতে বাধ্য করতে জি-এইট সম্মেলনকে কাজে লাগাতে চাইছেন বুশ। উত্তর কোরিয়া গত ২৭ জুন দীর্ঘ প্রতিক্ষিত পরমাণু প্রকল্পের তালিকা চীনের কাছে হস্তান্তর করেছে। এই তালিকা পূর্ণাঙ্গ নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
বুশ বলেন, "উত্তর কোরিয়া তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কিত কার্যাবলীর একটি তালিকা দিয়েছে এবং ইয়ংবেয়ন চুল্লির একটি টাওয়ার ধ্বংস করেছে। এটা ভাল পদক্ষেপ। তবে তাদেরকে আরও বেশি কিছু করতে হবে।"
তিনি আরও বলেন, "তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুত প্রকল্প ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24