ইসলামাবাদ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিবাদ উচ্ছেদ ও গণতন্ত্রের পথে উত্তরণ- গোটা বিশ্বের এমন আশার মুখে পাকিস্তানের ক্ষমতা নিয়েছিল নতুন রাজনৈতিক সরকার। কিন্তু ক্ষমতা গ্রহণের পর একের পর এক সংকটের ঘূর্ণিবাতে পড়ে পেরিয়ে গেল সরকারের প্রথম একশ দিন। তবে আশা মোতাবেক হয়নি কোনো কিছুই।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতা গ্রহণের পর আট বছরের সেনাশাসনের অবসান ঘটিয়ে গত ফেব্র"য়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকার। এই অবস্থায় স্বল্প সময়ের মধ্যে নতুন সরকারের কাছ থেকে খুব বেশি কিছু আশা করাও যায় না।
তারপরও পাকিস্তানের জনগণসহ সমগ্র বিশ্বের আশা, রাজনৈতিক সরকার দেশের গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করাবে। একইসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান ও ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলবে।
গত ডিসেম্বরে আততায়ী হামলায় দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর পিপিপির নেতৃত্ব নেওয়া তার স্বামী আসিফ আলী জারদারিকে এখন ক্ষমতার ত্রিমুখী লড়াইয়ের মোকাবেলা করতে হচ্ছে। একদিকে আছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ, অন্যদিকে মুশাররফের হাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
সরকারের নানামুখী চাপের মধ্যে ক্ষমতা থেকে সরতে নারাজ প্রেসিডেন্ট মুশাররফ। যদিও জারদারি হুমকি দিয়েছেন মুশাররফ সরে না দাঁড়ালে গত নভেম্বরের দেশে জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার দায়ে তাকে অভিশংশনের মুখোমুখি হতে হবে বা ১৯৯৯ সালে ভারতের সঙ্গে কারিগিল যুদ্ধের অপরাধে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
কিন্তু সরকারের এই হুমকিকে পাশে ঠেলে মুশররফ দাবি করেছেন, জঙ্গিবাদ দমন এবং অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলায় তারা সাহায্য দরকার আছে সরকারের।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র মুশাররফ একথাও জানিয়ে দিয়েছেন, সেনবাহিনী তার পাশে আছে। তারা কখনো তার বিরুদ্ধে অবস্থান নেবে না।
অন্যদিকে, জোট সরকার টিকিয়ে রাখতে পিপিপিকে একের পর এক হিমশিম খেতে হচ্ছে। জোটের প্রধান শরিক নওয়াজের পাকিস্তান মুসলিম লীগের (এন) সঙ্গে পিপিপির মতবৈষম্য মাঝে মাঝে প্রকট আকার ধারণ করছে। যেমন মুশাররফকে ক্ষমতা থেকে তাড়ানোর কৌশল নির্ধারণে তারা কোনো মতেই একমত হতে পারছে না। আবার মুশাররফ প্রশাসনের হাতে চাকরিচ্যুত বিচারকদের ইস্যুটি জোটের দুই শরিকের মধ্যে দীর্ঘদিন ধরে গলার কাঁটা হয়ে আছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অবস্থায় যে কোনো সময় জোট ভেঙে গিয়ে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে জোটের মধ্যে এই মতবৈষম্যের কারণে সরকার তাদের প্রধান প্রধান দায়িত্বগুলোও পালন করতে পারছে না।
ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক লিসা কার্টিস বলেন, "ভেতরের বিভেদের কারণে সরকার তাদের প্রধান চ্যালঞ্জ যেমন অর্থনৈতিক দুরবস্থা রোধ ও জঙ্গিবাদ দমনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় পিছিয়ে পড়ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24