কাবুল, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের নুরিস্তানে শুক্রবার মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ১৫ বেসামরিক আফগানের নিহত হওয়ার ঘটনা তদন্তের দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
এর আগে, নুরিস্তানের ওই হত্যাকাণ্ড সম্পর্কে শনিবার পরস্পর বিরোধী বক্তব্য দেয় আফগান প্রশাসন ও মার্কিন সেনাবাহিনী।
নুরিস্তানের গভর্নর বলেন, নুরিস্তানের ওয়াইগাল জেলায় ওই মার্কিন বিমান হামলায় ১৫ বেসামরিক আফগান নিহত এবং ৭ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন যে, হতাহতদের কেউই তালেবান যোদ্ধা নন।
কিন্তু একইদিনে মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, "স্থল সেনাদের অনুরোধে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। হেলিকপ্টার থেকে জঙ্গিদের দুটি গাড়িকে চিহ্নিত করা হয় এবং সে দুটি গাড়ি ধ্বংস করা হয়। এতে এক ডজনেরও বেশি জঙ্গি মারা যায়।"
এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে বিভিন্ন সহিংসতার ঘটনায় প্রায় ৭০০ বেসামরিক আফগান নিহত হয়। এর মধ্যে ২৫৫ জন মারা যায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা কিংবা আফগান সেনাদের হামলায় এবং বাকিরা তালেবানদের চালানো বিভিন্ন সহিংসতায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24