২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে অপহৃত সাংবাদিকদের মুক্তি দিয়েছে তালেবান জঙ্গিরা

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণ করা দুই সাংবাদিককে শনিবার মুক্তি দিয়েছে তালেবান জঙ্গিরা। জঙ্গি তৎপরতার বিষয়ে গোয়েন্দাগিরির অভিযোগে গত বৃহস্পতিবার মোহমন্দ এলাকার জিয়ারাত গ্রাম থেকে ফ্রিল্যান্স সাংবাদিক পীর জুবায়ের শাহ ও ফটোসাংবাদিক আখতার সুমরোকে অপহরণ করে জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

পেশোয়ার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণ করা দুই সাংবাদিককে শনিবার মুক্তি দিয়েছে তালেবান জঙ্গিরা। জঙ্গি তৎপরতার বিষয়ে গোয়েন্দাগিরির অভিযোগে গত বৃহস্পতিবার মোহমন্দ এলাকার জিয়ারাত গ্রাম থেকে ফ্রিল্যান্স সাংবাদিক পীর জুবায়ের শাহ ও ফটোসাংবাদিক আখতার সুমরোকে অপহরণ করে জঙ্গিরা। তালেবান মুখপাত্র আসাদ বলেন, "অপহৃতরা গোয়েন্দা নয়, সাংবাদিক এটা প্রামাণিত হওয়ার পর আমরা তাদের ছেড়ে দিয়েছি।" মোহমন্দের ঊর্ধ্বতন প্রশাসক সাঈদ আহমেদ দুই সাংবাদিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা সুস্থ আছেন। সাংবাদিকদের মুক্ত করতে মধ্যস্থতার জন্য উপজাতীয় নেতাদের একটি দলকে শুক্রবার অপহরণকারীদের কাছে পাঠানো হয়। তালেবান মুখপাত্র আসাদ শুক্রবার টেলিফোন করে বলেন, "আমরা তাদের আটক করেছি, কারণ তারা গোপনে আমাদের অবস্থান ও সদস্যদের ছবি তুলছিলো।" পাকিস্তানের আধা শায়ত্বশাসিত উপজাতীয় ওই অঞ্চলকে কোনো সরকারই তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং নাইন ইলেভেনের হামলার আগে সেনাবাহিনী সেখানে প্রবেশ করার প্রায় সুযোগই পেত না। কিন্ত নাইন ইলেভেনের পর মার্কিন সরকারের চাপাচাপিতে পাকিস্তান সরকার দুর্গম উপজাতীয় এলাকাগুলোতে সেনা অভিযান চালায়। কিন্ত সে সমস্ত অভিযান বলতে গেলে প্রায় সবই ব্যর্থ হয়েছে এবং জঙ্গি তৎপরতা তুলনামূলকভাবে আরও বেড়েছে। এই অবস্থায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দেশের অনেক স্থানে জঙ্গিদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে পাকিস্তানের নতুন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩২ ঘ.