করাচি, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, অর্থনৈতিক দুরবস্থা রোধ করতে এবং জঙ্গি দমনে সরকারকে সহযোগিতা করার জন্য তার ক্ষমতায় থাকার প্রয়োজন আছে।
শনিবার করাচিতে ব্যবসায়ীদের এক সমাবেশে মুশাররফ বলেন, "রাজনৈতিক স্থিতিশীলতা বজায় না থাকলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন এবং অর্থনৈতিক সংকট আমরা মোকাবেলা করতে পারব না।" গত ফেব্র"য়ারির নির্বাচনে মিত্রদের পরাজয়ের পর এটাই মুশাররফের প্রথম প্রকাশ্য বক্তৃতা।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র মুশাররফ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে বুশ প্রশাসন। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ।
চলতি সপ্তাহের প্রথম দিকে পাকিস্তান সফরের সময় মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার মুশাররফকে ক্ষমতা থেকে তাড়ানোর পরিবর্তে সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রতি মনোযোগ দিতে পাকিস্তানের রাজনৈতিক দলগুলেকে আহ্বান জানান।
পাকিস্তানের নতুন জোট সরকারের নেতৃত্ব দেওয়া পাকিস্তান পিপলস্ পার্টির নেতা আসিফ আলী জারদারি মুশাররফকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় গত নভেম্বরে জরুরি অবস্থা আরোপ এবং ছয় সপ্তাহের জন্য সংবিধান স্থগিত করার অপরাধে তাকে অভিশংসনের মুখোমুখি দাড় করানো বা ১৯৯৯ সালে ভারতের সঙ্গে কারগিল যুদ্ধ নিয়ে তাকে বিচারের কাঠগোড়ায় তোলা হবে বলে হুমকি দিয়েছেন জারদারি।
দুইবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী জারদারি জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে খুব শিগগির পিপিপি মনোনিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।
তবে জারদারির এ হুমকি এড়িয়ে মুশাররফ জানিয়েছেন, নতুন জোট সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারলে তিনি খুশি হবেন। একই সঙ্গে রাজনীতিবীদদের পেছনের কথা ভুলে ভবিষ্যতের স্বার্থে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মুশাররফ বলেন, "আমি পদত্যাগ করলেই যদি পাকিস্তানের সমস্যার সমাধান হতো তাহলে আমি গতকালই পদত্যাগ করতাম।"
তার প্রতি সেনাবাহিনীর সমর্থন অটুট আছে জানিয়ে তিনি বলেন, "সেনাবাহিনী কখনোই আমার বিরুদ্ধে যাবে না। তারা শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.
bdnews24