তেহরান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তবে এ বিষয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তারা। শনিবার ইরান একথা জানিয়েছে।
ইরান সরকারের মুখপাত্র গোলামহোসেইন ইলহাম এক নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "পরমাণু কর্মসূচি বিষয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আমরা বিশ্ব পরাশক্তির প্যাকেজ এবং ইরানের প্রস্তাবিত প্যাকেজের ওপর আলোচনায় প্রস্তুত আছি।"
এছাড়াও , ইরান শুক্রবার জানিয়েছে বিশ্বের ছয় পরাশক্তি প্রস্তাবিত পরমাণু বিষয়ক প্যাকেজ আলোচনায় রাজি আছে। তবে তারা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখতে অস্বীকৃতি জানিয়েছে।
পরমাণু কর্মসূচি বিষয়ক বিরোধ নিরসনের জন্য ইরান নিজস্ব একটি প্যাকেজ প্রস্তাব উত্থাপন করেছে। এছাড়াও দেশটি জানিয়েছে, পরাশক্তি দেশগুলোর প্রস্তাব এবং তাদের প্রস্তাবে একই রকম বিষয়ের উপস্থিতি তাদের উৎসাহ যুগিয়েছে।
তবে পরাশক্তির দেশগুলোর প্রস্তাবের যে জবাব ইরান ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার কাছে পেশ করেছে তাতে পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টি উল্লেখ নেই।
এ বিষয়ে ইরানের পরমাণু বিষয়ক প্রধান আলোচক সাঈদ জালিলি শুক্রবার জানান, 'গঠনমূলক এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে' প্রস্তাবের প্রতি সাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দীর্ঘ দিন ধরে পশ্চিমা বিশ্বের দেশগুলো দাবি করে আসছে পরমাণু কর্মসূচির আওতায় ইউরিনিয়াম সমৃদ্ধ করণের নেপথ্যে পরমাণু বোমা তৈরীর উচ্চাশা কাজ করছে ইরানের। তবে ইরানের দাবি জ্বালানি সক্ষমতা অর্জনই তাদের পরমাণু কর্মসূচির লক্ষ্য।
পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করতে দেশটির ওপর তিন দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫২৫ ঘ.
bdnews24