ওয়ারশ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর সর্বশেষ সংশোধিত প্রস্তাবটিও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক শুক্রবার বলেছেন মার্কিন প্রস্তাবটি সন্তোষজনক নয়। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার রাস্তা এখনও খোলা রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তুস্ক বলেছেন এ ধরনের যে কোনো প্রস্তাবে পোল্যান্ডের নিজেরর প্রতিরক্ষার বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।
ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রে বেশ কয়েকটি রাডার স্থাপনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। 'দুর্বৃত্ত রাষ্ট্রগুলো' বিশেষ করে ইরানের হাত থেকে রক্ষা করার জন্যই ইউরোপীয় দেশগুলোকে এ প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
তবে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ ন্যাটো মিত্র পোল্যান্ড সংশোধিত মার্কিন প্রস্তাবটি নাকচ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, "পোল্যান্ডে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আমরা একটি সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমার মতে আলোচনার লক্ষ্য হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা বাড়ানো। আমরা এটা মানি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে মিত্রতা আছে, তা থাকবে এবং কৌশলগত কারণে আমাদের সেই মিত্রতা রক্ষা করতে হবে।"
ওদিকে, ওয়াশিংটন জানিয়েছে তারা ডোনাল্ড তুস্কের মন্তব্য পর্যালোচনা করে দেখছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক এক ই-মেইল বিবৃতিতে জানান, " যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট এবং গুরুত্বপূর্ণ সহযোগী থাকবে পোল্যান্ড।"
একইসঙ্গে তিনি জানান, "আমরা পোল্যান্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাব তবে পরিকল্পনা সম্পর্কে জনসমক্ষে বিশদ মন্তব্য করতে চাই না।"
তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কে বিস্তারিত না জানালেও পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, পোল্যান্ডে একবছরের জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী 'প্যাট্রিয়ট ব্যাটারি' স্থাপনের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, এ প্রকল্পের আওতায় রাডার স্থাপনে রাজী হয়েছে চেক প্রজাতন্ত্র।
যদিও নিজের নিরাপত্তার স্বার্থে শুরু থেকেই বিতর্কিত এই মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরোধিতা করে আসছে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৩ ঘ.
bdnews24