তেহরান, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্প বন্ধে বিশ্বশক্তিগুলোর দেওয়া নতুন প্যাকেজ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ইরান তাদের প্রতিক্রিয়া রিপোর্ট আকারে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানার কাছে হস্তান্তর করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
ইরানের ন্যাশনাল সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের ঊর্ধ্বতন এক সূত্রের বরাত দিয়ে ইরনা এ খবর জানালেও ইরান তাদের প্রতিক্রিয়ায় কি জানিয়েছে সে সম্পর্কে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।
সহযোগিতার বিনিময়ে পরমাণু প্রকল্প বন্ধে গত ১৪ জুন ইরানকে নতুন প্যাকেজ প্রস্তাব দেয় বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা ওই প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে বলে আসছে পরমাণু প্রকল্প বন্ধ না করলে ইরানকে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
তবে পশ্চিমা বিশ্বের অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচ্ছে।
ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। তবে জাতিসংঘের পর্যাবেক্ষণের অধীনেই তারা এ কাজ করবে। যদিও দেশটি এর আগেও জাতিসংঘ পর্যবেক্ষকদের বাধা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.
bdnews24