২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে প্রেসিডেন্ট মেনে ক্ষমতার দাবি ছাড়তে হবে বিরোধীদের: মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, দেশের সংকট নিরসণে তিনি আলেচনার প্রয়োজনীয়তা অনুভব করেলেও তার আগে বিরোধীদের তাকে প্রেসিডেন্ট মেনে নিয়ে ক্ষমতার দাবি ছাড়তে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

হারারে, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, দেশের সংকট নিরসণে তিনি আলেচনার প্রয়োজনীয়তা অনুভব করেলেও তার আগে বিরোধীদের তাকে প্রেসিডেন্ট মেনে নিয়ে ক্ষমতার দাবি ছাড়তে হবে। মিসরে আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে মুগাবে শুক্রবার এ কথা বলেন। সম্মেলন থেকে গত মঙ্গলবার মুগাবেকে বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে আলোচনার শুরুর আহ্বান জানানো হয়েছে। মুগাবে বলেন, "স্যাঙ্গেরাই ও তার দলকে অবশ্যই ক্ষমতার দাবি ছাড়তে হবে। আমি জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। এটাই বাস্তবতা। এই বাস্তবতা তাদেরকে মেনে নিতেই হবে।" তিনি আরও বলেন, "আমরা খুশি যে এইউ মেনে নিয়েছে, জিম্বাবুয়ের সমস্যা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাধান হবে।" মুগাবে দেশে ফেরার পরপরই প্রতিবেশি দেশ বতসোয়ানা জিম্বাবুয়ের দ্বিতীয় দফার নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য সাউদার্ন আফ্রিকান ডেভলপমেন্ট কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছে। বতসোয়ানা মুগাবের অন্যতম সমালোচক দেশ। এছাড়া পার্শ্ববর্তী আরেক দেশ জাম্বিয়াও জিম্বাবুয়ের ৮৪ বছর বয়স্ক প্রেসিডেন্টে মুগাবের সমালোচনা করে আসছে। তবে সমালোচকদের সতর্ক করে দিয়ে এক বির্বতিতে মুগাবে বলেছেন, "যদি কেউ আমাদের সঙ্গে যুদ্ধ বাধাতে চায় তাহলে আমি তাদের বলব দ্বিতীয়বার ভেবে দেখতে। যদিও আমরা কোনো প্রতিবেশির সঙ্গে যুদ্ধ করতে চাই না।" তিনি আরও বলেন, "জিম্বাবুয়ে শান্তির দেশ। কিন্তু তারপরও কারও যদি আমাদের সঙ্গে যুদ্ধ করার বাসনা হয়ে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারে।" রবার্ট মুগাবে ও তার সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ভোটাভুটির সম্ভাবনার কথা বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের শাস্তিস্বরূপ তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। এক রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ সাংবাদিকদের বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি ১৫-জাতি নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন। ওই প্রস্তাবে জিম্বাবুয়ের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানানো হয়েছে। খলিলজাদ বলেন, "আমরা আগামী সপ্তাহেই কোনো এক সময় এই প্রস্তাবের ওপর ভোটাভুটি আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৫ ঘ.