পেশওয়ার, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার অভিযোগে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা দুই সাংবাদিককে অপহরণ করেছে।
ফ্রিল্যান্স সাংবাদিক পীর জুবায়ের শাহ ও ফটোসাংবাদিক আখতার সুমরোকে মোহমন্দ এলাকার জিয়ারাত গ্রাম থেকে বৃহস্পতিবার অপহরণ করে জঙ্গিরা।
পাকিস্তানে তালেবান মুখপাত্র আসাদ শুক্রবার টেলিফোন করে বলেন, "আমরা তাদের আটক করেছি, কারণ তারা গোপনে আমাদের অবস্থান ও সদস্যদের ছবি তুলছিলো।"
তিনি আরও বলেন, "এখন আমাদের পরিষদ বৈঠকে বসে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
তবে তাদের উদ্ধারের জন্য মধ্যস্থতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "তাদের উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মধ্যস্থতার জন্য উপজাতীয় নেতাদের একটি দল অপহরণকারীদের কাছে পাঠানো হয়েছে।"
পাকিস্তানের আধা শায়ত্বশাসিত উপজাতীয় ওই অঞ্চলকে কোনো সরকারই তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং নাইন ইলেভেনের হামলার আগে সেনাবাহিনী সেখানে প্রবেশ করার প্রায় সুযোগই পেত না।
কিন্ত নাইন ইলেভেনের পর মার্কিন সরকারের চাপাচাপিতে পাকিস্তান সরকার দুর্গম উপজাতীয় এলাকাগুলোতে সেনা অভিযান চালায়। কিন্ত সে সমস্ত অভিযান বলতে গেলে প্রায় সবই ব্যর্থ হয়েছে এবং জঙ্গি তৎপরতা তুলনামূলকভাবে আরও বেড়েছে। এই অবস্থায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দেশের অনেক স্থানে জঙ্গিদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে পাকিস্তানের নতুন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪০ ঘ.
bdnews24