২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিত্বকে মৃত্যুপূরী মনে হতো বেতানকোর

বন্দিত্বকে মৃত্যুপূরী মনে হতো ইনগ্রিদ বেতানকোর। দিন শুরু হতো ভোর চারটায়। হতাশায় ডুবে থেকেও তিনি জেগে উঠতেন। অধীর হয়ে প্রতীক্ষা করতেন বেতারে মায়ের আশ্বাসবাণী শোনার জন্য। প্রায়ই আত্মহত্যা করার চিন্তা কুরে কুরে খেত বেতানকোকে। বিদ্রোহীরা মেরে ফেলবে সে ভয়েও তটস্থ থাকতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

বোগোতা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বন্দিত্বকে মৃত্যুপূরী মনে হতো ইনগ্রিদ বেতানকোর। দিন শুরু হতো ভোর চারটায়। হতাশায় ডুবে থেকেও তিনি জেগে উঠতেন। অধীর হয়ে প্রতীক্ষা করতেন বেতারে মায়ের আশ্বাসবাণী শোনার জন্য। প্রায়ই আত্মহত্যা করার চিন্তা কুরে কুরে খেত বেতানকোকে। বিদ্রোহীরা মেরে ফেলবে সে ভয়েও তটস্থ থাকতেন তিনি। প্রায়ই গভীর জঙ্গলে পোকা-মাকড় ভরপুর কর্দমাক্ত স্থানে গলায় চেইন দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হতো তাকে। ক্ষুধার কথা ভুলেই গিয়েছিলেন বেতানকো। খেলেও বমি হয়ে যেত তার। বন্দিজীবনের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বর্ণনা করেছেন বেতানকো। তিনি বলেন, "মৃত্যু হচ্ছে জিম্মিদের সার্বক্ষণিক সঙ্গী। মৃত্যুর সঙ্গেই ছিল আমাদের বাস। সবসময়ই আত্মহত্যা করার বাসনা আমাদের আচ্ছন্ন করে রাখত।" কলম্বিয়ার 'রেভল্যুশনারি আর্মড ফোর্স অব কলম্বিয়া' বা ফার্কের ৪৪ জন জিম্মির মধ্যে বেতানকো ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ল্যাতিন আমেরিকার এই বিদ্রোহী দলটি রাজনীতিবিদ বেতানকোকে সরকারের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসাবে জিম্মি করে রেখেছিল। ইনগ্রিদের বিনিময়ে কলম্বিয়ার জেলবন্দি গেরিলাদের মুক্তি দাবি করার চিন্তা করছিল তারা। ২০০২ সালে নির্বাচনের আগে ফার্ক গেরিলারা বেতানকোকে অপহরণ করে দীর্ঘ ছয় বছর বন্দি করে রাখে। গত বুধবার কলম্বিয়ার সেনাবাহিনী সুকৌশলে রক্তপাতহীন অভিযানের মধ্য দিয়ে বেতানকোকে উদ্ধার করে। সফল এই অভিযানের মধ্য দিয়ে বেতানকো আবার তার পরিবার-পরিজনদের মাঝে ফিরলেন। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জুয়ান মানুয়েল সান্তোস জানান, এটা সেনাবিহনীর গোয়েন্দা শাখার অভিযান। কলম্বিয়ার সেনা গোয়েন্দারা গুয়াভিয়ারে প্রদেশের জঙ্গলে গেরিলাদের আস্তানায় প্রবেশ করে একটি ত্রাণকর্মীদলের সদস্যের ছদ্মবেশে বন্দিদেরকে অন্য এক বিদ্রোহী কমাণ্ডারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়ার ছলে বেতানকোকে উদ্ধার করে। বেতানকোর সঙ্গে তিন মার্কিন বন্দিসহ ১৫ বন্দির সবাইকেই এভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর সব জিম্মিই তাদের বন্দিদশার বিশদ বর্ণনা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৯ ঘ.