লুসাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট লেভি মোনাওয়াসার মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দা। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল আছে।
এর আগে জাম্বিয়া হাইকমিশনের এক মুখপাত্রের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার 'টক রেডিও ৭০২' জানায়, মোনাওয়াসা চলতি সপ্তাহের প্রথম দিকে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন এবং পরে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
তবে রেডিওর এ খবর প্রত্যাখ্যান করে ভাইস প্রেসিডেন্ট বান্দা বলেন, "ফ্রান্সের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন প্রেসিডেন্টের অবস্থা গত রাতে সন্তোষজনক ছিল। যে খবর প্রচারিত হয়েছে তা ভুল।"
মোনাওয়াসাকে হাইপারটেনশনের চিকিৎসা দেওয়া হচেছ জানিয়ে বান্দা বলেন, "প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে চিকিৎসকরা সন্তুষ্ট। তার অবস্থা এখন স্থিতিশীল। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে তাকে হাইপারটেনশনের চিকিৎসা দেওয়া হচ্ছে।"
মিশরে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে যাওয়া মোনাওয়াসা গত শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন। তাৎক্ষণিকভাবে তাকে শারম আল শেখ অবকাশ কেন্দ্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে সেখান থেকে তাকে প্যারিসে নেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় জাম্বিয়া হাইকমিশনের মুখপাত্র ম্যালোন জাজা এর আগে 'টক রেডিও ৭০২' কে বলেন, "আজ সকালে প্রেসিডেন্ট মারা গেছেন।"
মোনাওয়াসা সাউদার্ন আফ্রিকান ডেভলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) চেয়ারম্যান। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও বিরোধীদের সংকট নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এসএডিসি।
এর আগে ২০০৬ সালে একবার ছোটখাটো স্ট্রোকের শিকার হয়েছিলেন মোনাওয়াসা। তবে ওই বছর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি জানিয়েছিলেন দায়িত্ব পালনে তিনি সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৯১৪ ঘ.
bdnews24