জেরুজালেম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জেরুজামের ব্যস্ত রাস্তায় বুধবার এক ফিলিস্তিনি ড্রাইভার কয়েকটি ইসরায়েলি বাস, কার এবং পথচারীর ওপর বুলডোজার চালিয়ে কমপক্ষে তিনজনকে হত্যা করেছে। আহত হয়েছে প্রায় ৪০ জন। পরে পুলিশ গুলি করে বুলডোজার ড্রাইভারকে হত্যা করে।
আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, বুলডোজার ড্রাইভার পূর্ব জেরুজালেমের ৩০ বছর বয়সের এক ফিলিস্তিনি। তার সঙ্গে সন্ত্রাসী দলগুলোর কোনোও সংশ্রব আছে কিনা তা জানা যায়নি। এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বুলডোজার চালক একাই এ কাণ্ড ঘটিয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।
বুলডোজার চালক জাফার রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন। ওদিকে, ফিলিস্তিনি গেরিলা দল হামাস এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছে, এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয়।
উল্লেখ্য, জেরুজালেমে ফিলিস্তিনি গেরিলা হামলা বিরল ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৩ঘ.
bdnews24