২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় রাজি মুগাবে, স্যাঙ্গেরাইয়ের প্রত্যাখ্যান

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রাবার্ট মুগাবে আফ্রিকান ইউনিয়নের (এইউ) জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে অলোচনায় বসতেও রাজি হয়েছেন তিনি। কিন্তু আলোচনার পরিবেশ এখনও উপযোগী নয় বলে ঐক্য সরকার বিষয়ক আলোচনা প্রত্যাখ্যান করেছেন স্যাঙ্গেরাই। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

হারারে, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রাবার্ট মুগাবে আফ্রিকান ইউনিয়নের (এইউ) জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে অলোচনায় বসতেও রাজি হয়েছেন তিনি। কিন্তু আলোচনার পরিবেশ এখনও উপযোগী নয় বলে ঐক্য সরকার বিষয়ক আলোচনা প্রত্যাখ্যান করেছেন স্যাঙ্গেরাই। বুধবার হারারেতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্যাঙ্গেরাই বলেন, প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে আলোচনার পরিবেশ এখনও উপযোগী হয়নি। তিনি বলেন, আলোচনায় বসতে হলে প্রেসিডেন্ট মুগাবেকে আগে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে এবং তাকে (স্যাঙ্গেরাইকে) নির্বাচনে বিজয়ী হিসাবে মেনে নিতে হবে। স্যাঙ্গেরাই আরও বলেন, "এইউ এর উচিত জিম্বাবুয়ে সঙ্কট নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির সঙ্গে আরও একজনকে নিয়োগ দেওয়া।" মিসরে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে আফ্রিকার নেতারা মঙ্গলবার মুগাবেকে জিম্বাবুয়ের ২য় দফা নির্বাচন নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনে বিরোধীদলীয় নেতা স্যাঙ্গেরাইয়ের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবনা পাস করেন। জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী সিখানিয়াইসো নোলোভু রয়টার্সকে বলেন, "সম্মেলনের উদ্বোধনীতে মুগাবে বলেছিলেন তিনি সমস্যা সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত। সম্মেলনের প্রস্তাবনা তার সেই কথার সঙ্গে মিলেছে। আমরা কথা বলতে প্রতিশ্র"তিবদ্ধ। তা শুধু স্যাঙ্গেরাই-ই নন, অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় প্রস্তুত আমরা।" তবে জিম্বাবুয়ের বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) বুধবার বলেছে, মুগাবে নতুন করে নির্বাচন দিলে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এমডিসি'র মুখপাত্র নেলসন চামিসা বলেছেন, "আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা উত্তরণশীল সরকার ব্যবস্থা চাই। যাতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে।" এইউ সম্মেলনে জিম্বাবুয়ের ২য় দফা নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ায় পর্যবেক্ষকদের সমালোচনা এবং জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আফ্রিকান নেতাদের চাপের মুখে মুগাবে বুধবার মিসর থেকে দেশে ফিরেছেন। মিসরে দুদিনব্যাপী এইউ সম্মেলনে জিম্বাবুয়ের বিরোধীদল এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে মুগাবের আলোচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবনা পাস হয়। নির্বাচনপূর্ব সহিংসতার কারণে স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এইউ এর ওই প্রস্তাবনায় কঠোর ভাষায় মুগাবের নিন্দা না জানানো হলেও তার বিরুদ্ধে এ এক নজিরবিহীন রূঢ় পদক্ষেপ। একতরফা নির্বাচনের মধ্য দিয়ে মুগাবে রোববার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর জিম্বাবুয়ের প্রতিবেশী দেশ বতসোয়ানা এইউ এবং এসএডিসি বৈঠকে মুগাবেকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। এর আগে কেনিয়াও এইউ এর প্রতি মুগাবেকে বয়কট করার আহ্বান জানায়। কিন্তু এইউ নেতারা জিম্বাবুয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মধ্য দিয়ে সমম্যা সমাধানকেই প্রাধান্য দেন এবং জাতীয় ঐক্যের সরকার গড়ার আহ্বান জানান। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম জাকি সাংবাদিকদের জানান, মুগাবে সম্মেলনে এসে আফ্রিকা ও আফ্রিকার বাইরের দেশগুলোর সমালোচনার জবাব দিলেও এইউ'র প্রস্তাবনার ব্যাপারে কোনোও আপত্তি তোলেননি। ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ফ্রান্স জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচনকে অবৈধ দাবি করে জানিয়েছে, ইইউ জিম্বাবুয়েতে কেবল স্যাঙ্গেরাইয়ের নেতৃত্ব গঠিত সরকারকেই মেনে নেবে। এর আগে ২৯ মার্চ প্রথম দফা নির্বাচনে মরগান স্যাঙ্গেরাই জয়ী হন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মুগাবের জানু-পিএফ সমর্থকরা তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে দাবি করে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন স্যাঙ্গেরাই। মঙ্গলবারের এইউ সম্মেলনে মুগাবেকে সরাসরি নিন্দা জানানোর বিরোধিতা করেছে আফ্রিকার জিম্বাবুয়ে বিষয়ক মধ্যস্থতাকরী দক্ষিণ আফ্রিকা। তবে এইউ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির নেতৃত্বে (সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি)এসএডিসি'কে জিম্বাবুয়ে বিষয়ে মধ্যস্থতা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে মুগাবেকে সমর্থন দেওয়ার কারণে আফ্রিকা এবং বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এমবেকি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.