হারারে, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের ২য় দফা নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ায় পর্যবেক্ষকদের সমালোচনা এবং জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আফ্রিকান নেতাদের চাপের মুখে বুধবার এইউ সম্মেলন ত্যাগ করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
মিসরে দুদিনব্যাপী এইউ সম্মেলনে জিম্বাবুয়ের বিরোধীদল এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে মুগাবের আলোচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবনা পাস হয়েছে। নির্বাচনপূর্ব সহিংসতার কারণে স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
এইউ এর ওই প্রস্তাবনায় কঠোর ভাষায় মুগাবের নিন্দা না জানানো হলেও তার বিরুদ্ধে এ এক নজিরবিহীন রূঢ় পদক্ষেপ।
একতরফা নির্বাচনের মধ্য দিয়ে মুগাবে রোববার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর জিম্বাবুয়ের প্রতিবেশী দেশ বতসোয়ানা এইউ এবং এসএডিসি বৈঠকে মুগাবেকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয়।
এর আগে কেনিয়াও এইউ এর প্রতি মুগাবেকে বয়কট করার আহ্বান জানায়।
কিন্তু এইউ নেতারা জিম্বাবুয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মধ্য দিয়ে সমম্যা সমাধানকেই প্রাধান্য দেন এবং জাতীয় ঐক্যের সরকার গড়ার আহ্বান জানান। কিন্তু মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা ক্ষমতা-ভাগাভাগির সম্ভাবনা নাকচ করেন।
ওদিকে, স্যাঙ্গেরাইয়ের 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি চেঞ্জ' এমডিসি'র মহাসচিব তেন্দাই বিটি জানান, আলোচনায় বসার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এমডিসি'র মুখপাত্র নেলসন চামিসা জানান, পার্টি বুধবার এইউ'র সিদ্ধান্তের জবাব দেবে।
ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ফ্রান্স জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচনকে অবৈধ দাবি করে জানিয়েছে, ইইউ জিম্বাবুয়েতে কেবল স্যাঙ্গেরাইয়ের নেতৃত্ব গঠিত সরকারকেই মেনে নেবে।
এর আগে ২৯ মার্চ প্রথম দফা নির্বাচনে মরগান স্যাঙ্গেরাই জয়ী হন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মুগাবের জানু-পিএফ সমর্থকরা তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে দাবি করে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন স্যাঙ্গেরাই।
মঙ্গলবারের এইউ সম্মেলনে মুগাবেকে সরাসরি নিন্দা জানানোর বিরোধিতা করেছে আফ্রিকার জিম্বাবুয়ে বিষয়ক মধ্যস্থতাকরী দক্ষিণ আফ্রিকা।
তবে এইউ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির নেতৃত্বে (সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি)এসএডিসি'কে জিম্বাবুয়ে বিষয়ে মধ্যস্থতা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে মুগাবেকে সমর্থন দেওয়ার কারণে আফ্রিকা এবং বর্হিবিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এমবেকি ।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম জাকি সাংবাদিকদের জানান, মুগাবে সম্মেলনে এসে আফ্রিকা ও আফ্রিকার বাইরের দেশগুলোর সমালোচনার জবাব দিলেও এইউ'র প্রস্তাবনার ব্যাপারে কোনোও আপত্তি তোলেননি।
জাকি বলেন, "সেখানে দীর্ঘ বিতর্ক হয়েছে, জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল ও প্রেসিডেন্টের সমালোচনাসহ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৪ ঘ.
bdnews24