বাগদাদ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা চার বছরের মধ্যে জুন মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গতমাসে বেশ কিছু বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলেও সহিংসতার মাত্রা ৪ বছরের মধ্যে ওই সময়ই সবচে কমে আসে। ইরাকের এক সরকারি পরিসংখ্যানে মঙ্গলবার এমনটিই দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ২০০৭ সালে ইরাকে পাঠানো সেনা প্রত্যাহারের প্রায় শেষ পর্যায়ে থাকার এই সময়ে ইরাক সরকার এই পরিসংখ্যান দিল।
ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, জুনে নিহত হয়েছে ৪৪৮ জন ইরাকি। অথচ মে মাসে এই সংখ্যা ছিল ৫০৫ জন। তারপরও এপ্রিলের চেয়ে মে মাসে ইরাকি নিহতের এই সংখ্যা কম। এপ্রিলে নিহত হয়েছে ৯৬৮ জন ইরাকি। শিয়া মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এপ্রিলে এতজন ইরাকি নিহত হয়।
অন্যদিকে, মার্কিন সেনা নিহতের সংখ্যা জুনে বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। মে মাসে এই সংখ্যা ছিল ১৯ জন। সেনা নিহতের সংখ্যা হিসাবকারী মার্কিন ওয়েবসাইট 'আইক্যাজুয়ালিটিজ ডট অর্গ' একথা জানায়।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে মে মাসে সেনা নিহতের এই সংখ্যা সবচেয়ে কম। গত বছরের জুনে ১০১ জন মার্কিন সেনা নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ঘ.
bdnews24