২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামিতার অভিযোগের বিরুদ্ধে পাল্টা-আক্রমণের পরিকল্পনা আনোয়ারের

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার অভিযোগের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানানোর পরিকল্পনা করেছেন। তার বিরুদ্ধে আনা সমকামিতার তথ্য-প্রমাণ বানোয়াট--- এই অভিযোগ করতে সমর্থকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার পুলিশ স্টেশনে যেতে চান আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

কয়ালালামপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার অভিযোগের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানানোর পরিকল্পনা করেছেন। তার বিরুদ্ধে আনা সমকামিতার তথ্য-প্রমাণ বানোয়াট--- এই অভিযোগ করতে সমর্থকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার পুলিশ স্টেশনে যেতে চান আনোয়ার। আনোয়ার তার শ'শ সমর্থককে নিয়ে মঙ্গলবার বিকালে কুয়ালালামপুর পুলিশ স্টেশনে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখানে তিনি একটি জবানবন্দি দাখিল করাতে চান। তাতে তিনি বলবেন, বর্তমান পুলিশ প্রধান এবং এটর্নি জেনারেল তার বিরুদ্ধে ১৯৯৮ সালের সমকামিতা মামলায় অতিরঞ্জিত তথ্য-প্রমাণ দিয়েছেন। আনোয়ার জানান, পার্লামেন্টের উপনির্বাচনে দাঁড়ানোর ঘোষণাও এ সপ্তাহেই দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এতে আসন জিতলে সেটাই হবে বিরোধীদলকে প্রথমবারের মতো ক্ষমতায় নিয়ে যাওয়ার পথে তার নেতৃত্বদানের প্রথম পদক্ষেপ। রোববার আনোয়ার সমকামিতার অভিযোগ অস্বীকার করার পর নিরাপত্তার জন্য তুর্কি দূতাবাসে গেলেও ৩৬ ঘন্টা পর দূতাবাস ত্যাগ করেন। সমকামিতার অভিযোগের বিরুদ্ধে সোমবার আনোয়ার একটি মানহানির মামলাও করেছেন। ৬০ বছর বয়স্ক আনোয়ার রোববার সকালে হত্যার হুমকি পাওয়ার কথা বলে কুয়ালালামপুরের তুর্কি দূতাবাসে আশ্রয় নেন। তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল ইতোপূর্বে বলেছিলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আনোয়ারের নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দূতাবাস ছাড়বেন এবং পুলিশের সঙ্গেও সহযোগিতা করবেন। ইসমাইল আরও বলেন, "তার বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। আমরা আগেও এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছি।" সমকামিতার অভিযোগ তাকে বিব্রত করার সরকারি প্রচেষ্টা-- এই পাল্টা অভিযোগ তুলে আনোয়ার রোববার তার পরিবারকে জানান, তিনি প্রাণের ভয়ে শঙ্কিত। তবে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন না। আনোয়ারের রাজনৈতিক দল জাস্টিস পার্টির মুখপাত্র তিয়ান চুয়া টেলিফোনে জানান, আনোয়ার দুপুরে তুর্কি দূতাবাসে যান এবং সেখানে রাত যাপন করেন। তিনি নিরাপত্তার জন্যই সেখানে গেছেন, রাজনৈতিক আশ্রয়লাভের জন্য নয়। আমরা কেবল এটুকুই চেয়েছি যে তিনি নিরাপদ থাকুন।" কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ হামিদ আলবার সোমবার বলেন, আনোয়ারের জীবন হুমকির মুখে নেই। পার্লামেন্টে সাংবাদিকদের তিনি বলেন, আনোয়ারের উচিত ভান আর বাস্তবতার তফাত বোঝা। সোমবার আনোয়ারের আইনজীবী তার সমকামিতার অভিযোগের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ২৩ বছর বয়সের সহযোগী সাঈফুল বুখারী আজলানের সঙ্গে আনোয়ারের সমকামিতার অভিযোগ রয়েছে বলে জানান তার এক আইনজীবী। মার্চের নির্বাচনে বিরোধীদল ভালো ফলের রেকর্ড গড়ার পর আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে মালয়েশিয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক উপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে বরখাস্ত করার পর তাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মার্চের নির্বাচনে বিরোধীদলের ভালো ফলে আনোয়ার আবার সৌভাগ্যের দেখা পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। আনোয়ার বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের জন্য ক্ষমতাসীন কোয়ালিশনের আইনপ্রণেতাদের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছেন। রোববার একটি হোটেলের বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সমবেত প্রায় ২০০ সমর্থকের উদ্দেশ্যে এক বিবৃতিতে আনোয়ার বলেন, "আমার বিরুদ্ধে আনীত পুলিশের অভিযোগনামা পুরোপুরি অতিরঞ্জিত।" আনোয়ারের আইনজীবী এই বিবৃতি পড়ে শোনান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ঘ.