২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক

গণতন্ত্র, সামাজিক সমতা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক। মার্কিন সরকার পরিচালিত এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। সোমবার সমাজবিজ্ঞান গবেষকরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ওয়াশিংটন, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতন্ত্র, সামাজিক সমতা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক। মার্কিন সরকার পরিচালিত এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। সোমবার সমাজবিজ্ঞান গবেষকরা একথা জানিয়েছেন। সুখী দেশের তালিকায় সর্বনিম্নে অবস্থান করছে জিম্বাবুয়ে। রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতার কারণে বিশ্বের সবচেয়ে কম সুখী দেশ এটি। আর এ তালিকায় বিশ্বের এক নম্বর ধনী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ তম। যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত 'ওয়ার্ল্ড ভ্যালুজ সার্ভে'র আওতায় বিশ্বজুড়ে সমাজ বিজ্ঞানীদের নেটওয়ার্ক নিয়মিত এরকম জরিপ চালিয়ে থাকে। এই নেটওয়ার্কের সর্বশেষ ওই জরিপে দেখা গেছে, বিশ্বের মানুষ দিন দিন আরও সুখী হচ্ছে। জরিপের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১৯৮১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্বে দেশগুলোর সুখী হওয়ার হার বেড়েছে। ৫২ টি দেশের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, এর মধ্যে ৪৮টি দেশেই সুখী মানুষের সংখ্যা বেড়েছে। গবেষণার পরিচালক মিশিগান ইউনিভার্সিটির 'ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ' এর রাজনীতি বিজ্ঞানী রোনাল্ড ইংলেহার্ট বলেন, "আমার বিশ্বাস, শান্তি এবং সুখের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে।" তিনি আরও বলেন, "একইভাবে সুখ এবং গণতন্ত্রের মধ্যেও দৃঢ় সম্পর্ক আছে।" জরিপ পরিচালনায় অর্থায়ন করেছে 'ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন'। সংস্থাটি ইংলেহার্টের একটি অডিও বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে তিনি বলেন, "আমাদের সুখী দেশের তালিকায় ডেনমার্কই পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ।" ইংলেহার্ট আরও বলেন, "ডেনমার্ক সমৃদ্ধাশালী দেশ- এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ না হলেও সমৃদ্ধশালী।" ইংলেহার্ট আরও বলেন, "যদিও যুক্তরাষ্ট্র বিশ্বের সুখী দেশ নয় তবুও বিশ্বের প্রেক্ষিতে তারা ভালো অবস্থানে রয়েছে।" একইসঙ্গে তিনি বলেন, "দেশটি শুধু সমৃদ্ধশালীই নয়, এখানে লৈঙ্গিক সমতা, সামাজিক বৈচিত্র্যতা এবং উচ্চমাত্রায় রাজনৈতিক স্বাধীনতা রয়েছে।" এ ধরনের জরিপ প্রথম ১৯৮১ সালে শুরু হয়। তখন এতে দুইটি মাত্র প্রশ্ন ছিল। প্রশ্ন দুটো ছিল আপনি কি সুখী? এবং আপনার জীবন নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? জরিপ দলটি মোট ৩ লাখ ৫০ হাজার মানুষের ওপর জরিপটি পরিচালনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫০১ ঘ.