সউল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিয়ংইয়ংয়ের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে সোমবার উত্তর কোরিয়ায় খাদ্য সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ওদিকে, গম নিয়ে একটি মার্কিন জাহাজ উত্তর কোরিয়ায় পৌঁছছে।
খাদ্যাভাবে উত্তর কোরিয়ায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে সতর্কবাণী দেওয়ার পর জাতিসংঘ সেখানে খাদ্য সাহায্য বাড়ানোর ওই পদক্ষেপ নিল। খাদ্য সরবরাহের বর্দিত কর্মসূচির আওতায় আগের চেয়ে আরও বেশি মানুষের জন্য খাবার সরবরাহ করা হবে বলে জানায় ডব্লিউএফপি।
আগে ডব্লিউএফপি উত্তর কোরিয়ার ১২ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী, ডব্লিউএফপি এখন কম করে হলেও উত্তর কোরিয়ার ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বন্যা, পণ্যসামগ্রীর উচ্চমূল্য এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। এক দশক আগে ঠিক এরকম খাদ্য সংকটের ফলে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় এবং ওই দুর্ভিক্ষে দেশটিতে প্রায় ১০ লাখ লোক মারা যায়।
ডব্লিউএফপি'র এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক টনি বানবারি বলেন, "তাদের সহায়তাতেই ডব্লিউএফপি খাদ্য সাহায্য নাটকীয়ভাবে বাড়াতে পেরেছে এবং উত্তর কোরিয়ার লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে পারছে। তা না হলে মানুষ ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকির মধ্যে রয়ে যেত।"
খাদ্য সহায়তা বাড়ানোর ওই চুক্তি ছাড়াও উত্তর কোরিয়া ডব্লিউএফপি'র আন্তর্জাতিক ত্রাণকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার অনুমতি দিয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রতীকী পদক্ষেপে পরমাণু টাওয়ার ধ্বংসের একদিন পরই ডব্লিউএফপির সঙ্গে এই চুক্তির পাশাপাশি দেশটিতে পৌঁছল মার্কিন ত্রাণ। যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়াকে ৫ লাখ টন খাদ্য সাহায্য দেবে।
যুক্তরাষ্ট্রের প্রথম জাহাজটি ৩৭ হাজার টন গম নিয়ে রোববার পিয়ংইয়ংয়ের নাম্পো বন্দরে এসে পৌঁছছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৮ ঘ.
.
bdnews24