হারারে, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের একতরফা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ফলে আবারও নির্বাচন হওয়া উচিত। আফ্রিকার নির্বাচন পর্যবেক্ষকরা রোববার একথা বলেছেন।
প্যান-আফ্রিকান পার্লামেন্টের পর্যবেক্ষকরা শুক্রবার জিম্বাবুয়ের নির্বাচন তদারকের পর এর নিন্দা জানিয়েছেন। নির্বাচনের পর প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিপুল ভোটে নিশ্চিত জয় দাবি করলে পর্যবেক্ষকরা ওই নিন্দা জানান।
কর্মকর্তারা বলছেন, তারা রোববারেই ফল প্রকাশের আশা করছেন। ফল প্রকাশের পরপরই মুগাবে নতুন করে আরেক মেয়াদে দেশের প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারবেন। এতে করে মুগাবের ২৮ বছরের শসিনামল আরও দীর্ঘায়িত হবে।
মুগাবে সরকার সমর্থিত সহিংসতার কারণে বিরোধীদল এমডিসি নেতা স্যাঙ্গেরাই ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় শুক্রবারের নির্বাচনে মুগাবেই ছিলেন একমাত্র প্রার্থী।
নির্বাচন পর্যবেক্ষণকারী প্যান-আফ্রিকান পার্লামেন্টের পর্যবেক্ষক দলের প্রধান মারউইক খুমালো বলেছেন, "দেশের বিদ্যমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কোনোও পরিবেশ নেই। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়।"
তিনি আরও বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব জিম্বাবুয়েতে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবকম/এলকিউ/১৫৩০ঘ.
bdnews24