জেরুজালেম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের গাজা উপত্যাকার সঙ্গে সীমান্ত পারাপার পথ পুনরায় খুলে দেবে ইসরায়েল। ফিলিস্তিনিদের আন্তঃসীমান্ত হামলা থামায় রোববার এ সীমান্ত খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছন ইসরায়েলি কর্মকর্তারা।
এ হামলা এবং সীমান্ত বন্ধের ঘটনায় ইসরায়েল-গাজা অস্ত্রবিরতি হুমকির মধ্যে পড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর লিয়াজোঁ কর্মকর্তা পিটার লারনার বলেছেন, সুফা ও কার্নি বাণিজ্যিক এলাকা, নাহাল ওজ জ্বালানি ডিপো এবং ইরেজ সীমান্ত বন্দর সকাল ৮ টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
গত বুধবার ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের রকেট হামলার পর সীমান্ত পারাপার বন্ধ করে দেয় ইসরায়েল। ইসলামিক জিহাদ বলেছে পশ্চিম তীরে তাদের এক নেতাকে হত্যার বদলা নিতে ওই হামলা চালানো হয়েছে।
মিশরের মধ্যস্থতায় গত ১৯ জুন থেকে কার্যকর হওয়া ওই অস্ত্রবিরতি পশ্চিম তীরে কার্যকর নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24