সিউল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ক প্রশ্নের সঠিক জবাব দেয়নি উত্তর কোরিয়া। শনিবার তিনি দেশটিকে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ সম্বলিত দীর্ঘপ্রতিক্ষীত প্রতিবেদন গত বৃহস্পতিবার চীনের কাছে জমা দিয়েছে। এর আগে চীন বৃহস্পতিবারেই উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করার কথা জানায় এবং যুক্তরাষ্ট্র এর বিনিময়ে উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ নিতে রাজি হয়েছে বলেও তারা জানায় ।
এছাড়া গত শুক্রবার উত্তর কোরিয়া তদের একটি পরমাণু প্রকল্পের টাওয়ার ধ্বংস করেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ু মাইয়ুং হাওয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রাইস বলেন, "আমরা যা চেয়েছিলাম তার জবাব উত্তর কোরিয়ার দেওয়া তালিকায় নেই।"
তবে পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ান সমৃদ্ধকরণের অভিযোগ অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।
রাইস বলেন, "আমরা তাদের সকল প্রকল্পের তালিকা চেয়েছিলাম। তারা সেটা দেয়নি। আমরা চাই উত্তর কোরিয়া তাদের সকল প্রকল্প ও জিনিসপত্র ধ্বংস করবে।"
ছয়জাতি চুক্তির শর্ত মেনে চলার জন্য তিনি উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।
তবে বিষেশজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া তাদের প্রতিবেদনে পরমাণু কর্মসূচি সম্পর্কে যে সমস্ত দাবি করেছে তা আরও খতিয়ে দেখতে হবে বলে মনে করছে বিশ্বশক্তির দেশগুলো। তাছাড়া জলাধার ধ্বংসের এই নাটকীয় পদক্ষেপে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হিসাব এবং অস্ত্র বিস্তার সক্রান্ত সব প্রশ্নও যে এতে চুকে গেল তাও নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.
bdnews24