২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাণী এলিজাবেথের জন্য বাড়তি খরচের মুখে ব্রিটেন

ব্রিটিশ সরকারের বাড়তি খরচের তালিকায় যোগ হয়েছে রাজপরিবার। রাণী এলিজাবেথ ও তার পরিবারের জন্য গত অর্থবছরে সরকারকে গুনতে হয়েছে ৪ কোটি পাউন্ড বা প্রায় ৮ কোটি মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

লন্ডন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ সরকারের বাড়তি খরচের তালিকায় যোগ হয়েছে রাজপরিবার। রাণী এলিজাবেথ ও তার পরিবারের জন্য গত অর্থবছরে সরকারকে গুনতে হয়েছে ৪ কোটি পাউন্ড বা প্রায় ৮ কোটি মার্কিন ডলার। প্রাসাদ কর্মকর্তারা জানিয়েছে, প্রাসাদে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহারের কারণে খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা গেছে। তারপরও আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছরে রাজপরিবারের খরচ বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। প্রাসাদ সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী বাতির কারণে ২০০৭-০৮ অর্থবছরে প্রাসাদে ৭ দশমিক ৩ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়েছে। তবে বাকিংহাম প্রাসাদে অন্যান্য সেবার কারণে খরচ আগের তুলনায় বেশ বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, উগান্ডা, বেলজিয়াম, ফ্রান্স ও নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে রাণীর রাষ্ট্রীয় সফরের জন্য সরকারকে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়েছে। গত এক বছরে তিনি দেশের মধ্যে ৪৪০টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং প্রাসাদ উদ্যানে আপ্যায়িত করেছন ৩৮ হাজার অতিথিকে। প্রতিবেদনে জানানো হয়েছে, রাজপরিবারের জন্য বাজেট বরাদ্দ কমানোয় কিছু জরুরি কাজ আটকে আছে। এ সমস্ত কাজের জন্য আগামী ১০ বছরে প্রায় ৩২ মিলিয়ন পাউন্ড প্রয়োজন হবে। তার মধ্যে লন্ডনে বাকিংহাম প্যালেসের ছাদের সংস্কারের জন্য প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড দরকার। রাজতন্ত্রবিরোধী গ্র"প 'রিপাবলিক' জানিয়েছে, রাণীর জন্য পুলিশ ও সেনানিরাপ্তাসহ হিসাব করলে করদাতাদের প্রকৃত খরচ দাঁড়াবে ১৫০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। মুখপাত্র গ্রাহাম স্মিথ জানিয়েছেন, রাণীর জন্য একটি নির্দিষ্ট বেতন ঠিক করা উচিৎ। তিনি বলেন, "রাজপরিবারের খরচের বিষয়টি সংস্কার করা খুবই জরুরি, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি আমরা নিশ্চিত হতে পারি। সরকারের পাশাপাশি রাজপরিবারের জবাবদিহিতার একটি মান নির্ধারণ করার এটাই উপযুক্ত সময়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ ঘ.