সিবুয়ান দ্বীপ, ফিলিপাইন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ফেরিটিতে কয়েক মেট্রিক টন কীটনাশকের খোঁজ পাওয়ার পর সেটিতে শুক্রবার উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ক্ষুব্ধ কর্মকর্তারা জানিয়েছেন, ৪০০ টি বক্সে ১০ মেট্রিক টন কীটনাশক এন্ডোসালফান থাকার বিষয়টি আগে থেকে না জানানোর জন্য 'প্রিন্সেস অব স্টার' ফেরির মালিক সুলপিসিও লাইনসকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে।
কীটনাশক এন্ডোসালফানের কারণে বমি, পেশি সংকোচন ও মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের 'এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি' এই কীটনাশককে উচ্চ পর্যায়ের বিষাক্ত পদার্থ হিসেবে চিহ্নিত করে থাকে।
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট নলি ডি ক্যাস্ত্রো জানান, উদ্ধারকারী টাস্কফোর্সের সদস্যরা তাকে জানিয়েছে, বিষাক্ত কীটনাশকের কারণে ফেরি থেকে মৃতদেহ উদ্ধারে সেখানে ডুবুরিদের পাঠানো সম্ভব হচেছ না।
তিনি বলেন, "একটি যাত্রীবাহী জাহাজে এই ধরনের কীটনাশক বহন করা উচিৎ নয়।"
ফিলিপাইনের সার ও কীটনাশক কর্তৃপক্ষ (এফপিএ) বৃহস্পতিবার টাক্সফোর্সকে জানিয়েছে, কীটনাশক বহনকারী এই ফেরিটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় ডেল মন্টি কৃষি এলাকার দিকে যাচ্ছিল।
ঝড়ের মধ্যে ফেরিটির যাত্রা শুরু করতে দেওয়ায় ইতিমধ্যে চাপের মুখে আছেন ফেরির মালিক সুলপিসিও লাইনস। তিনি জানিয়েছেন, কীটনাশকের বিষয়টি তারা জানতেন না।
কোম্পানির কর্মকর্তা রাইয়ান গো বলেন, "ফেরিতে যে কীটনাশক বহন করা হচ্ছিল এটা আমরা জানতাম না।"
কর্মকর্তারা জানিয়েছেন, ডেল মন্টি থেকে ফেরিতে কীটনাশক থাকার বিষয়টি গত মঙ্গলবার এফপিএ কে জানানো হয়েছে। তবে তারা গত বৃহস্পতিবারের আগে বিষয়টি টাস্কফোর্সকে জানায়নি।
ফেরিটি সাগরের যে স্থানে ডুবে আছে তার আশপাশ বন্ধ করে দিয়েছে পুলিশ এবং সিবুয়ান দ্বীপে মাছ ধরাও নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় এক মৎসজীবী জুয়ানিতো রেইস বলেন, "বিষাক্ত এই কীটনাশকের কারণে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব।"
গত শনিবার টাইফুনের কবলে পড়ে সিবুয়ান দ্বীপ থেকে ১৫ মিনিটের দুরত্বে সাগরে ডুবে যায় প্রিন্সেস অব স্টারস। এ সময় ফেরিটিতে যাত্রী ও নাবিক মিলে ৮৬৫ জন আরোহী ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24