হারারে, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচন স্থগিত করতে দেশে এবং দেশের বাইরের আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বৃহস্পতিবার তিনি বলেছেন, কারো হস্তক্ষেপই জিম্বাবুয়ে মেনে নেবে না, এমনকি আফ্রিকান ইউনিয়নেরও না। নির্বাচন সঠিক সময়ে হবেই।
শুক্রবার জিম্বাবুয়েতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচনে থেকে সরে দাাঁড়ানোয় নির্বাচন স্থগিত করতে আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপের মুখে আছেন মুগাবে।
হারারের দক্ষিণাঞ্চলে সিতুংজিয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে মুগাবে বলেন, "আফ্রিকা থেকে আমাদের ভাইয়েরা নির্বাচন স্থগিত করার জন্য আমাদের ওপর চাপ দিচ্ছেন। আমাদেরকে নিজেদের আইন লঙ্ঘণ করার জন্য তারা প্ররোচিত করছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমরা আইনের প্রতি অনড়।"
আগামী সপ্তাহে মিসরে আফ্রিকান ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জানিয়ে মুগাবে বলেন, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান জিম্বাবুয়ে মেনে নেবে না। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন নিয়ে আফ্রিকান ইউনিয়নের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে তিনি প্রস্তুত আছেন।
মুগাবে বলেন, "আমি জানি জিম্বাবুয়েকে আক্রমণ করতে কিছু লোক সেখানে জড়ো হচ্ছে। তবে আমি চান না এইউ সম্মেলনে কোনো দেশ জিম্বাবুয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলুক। জিম্বাবুয়ের নির্বাচন সুষ্ঠু হবে।"
তবে এর আগে বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই বলেছেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার একতরফাভাবে নির্বাচন করলে তার সঙ্গে আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে।
বৃহস্পতিবার স্কাই নিউজ টেলিভিশনকে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই বলেন, "মুগাবে নির্বাচন করে যদি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং ২৮ বছরের শাসনকে আরও দীর্ঘায়িত করেন তাহলে নিজের দেশের জনগনকে হত্যার দায়ে একজন অবৈধ নেতা হিসেবে সবাই তাকে বর্জন করবে।"
তিনি সঙ্কট সমাধানে আলোচনা শুরুর জন্য মুগাবেকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। তবে মুগাবে বা তার প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে এখনও বদ্ধপরিকর। তারা বলছে আনইগতভাবে নির্বাচন অনুষ্টানে তার বাধ্য।
উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা আল জাজিরা টেলিভিশনকে বলেন, "জনগণ আগামীকাল (শুক্রবার) ভোট দিতে চলেছে। এর কোনো রদবদল হবে না।"
এছাড়া জিম্বাবুয়ের পুলিশ জানিয়েছে, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র এমডিসি নেতা স্যাঙ্গেরাইয়ের ষড়যন্ত্রে মদদ দিচ্ছে এবং কিছু এনজিও শুক্রবারের নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে।
সহকারী পুলিশ কমিশনার ফাস্টিনো মাজঙ্গো এক সংবাদ সম্মেলনে বলেন, "এমডিসি নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে, এটা পরিস্কার হয়ে গেছে। তবে এই ধ্বংসাত্মক কাজ থেকে তাদের বিরত রাখতে আইনগতভাবে সর্বশক্তি ব্যবহার করা হবে।"
আফ্রিকার আঞ্চলিক সংগঠন সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)'র আফ্রিকান নেতারাও শুক্রবারের নির্বাচন বন্ধ করার জন্য মুগাবের ওপর চাপ বাড়াচ্ছেন।
জিম্বাবুয়ের ৮৪ বছর বয়স্ক প্রেসিডেন্ট মুগাবে মার্চের প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা স্যাঙ্গেরাইয়ের কাছে হেরেও হার স্বীকার করেননি। উপরন্তু নির্বাচনের পর বিরোধীদলের বিরুদ্ধে সহিংসতার আন্তর্জাতিক নিন্দাও তিনি গায়ে মাখতে চান না। ২৮ বছরের শাসন আরও দীর্ঘায়িত করার অঙ্গীকার করেছেন তিনি।
২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্যাঙ্গেরাই বৃহস্পতিবার ব্রিটেনের 'টাইমস' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, "মুগাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকলে তার সঙ্গে কথা বলার সময় শেষ হয়ে যাবে।"
তিনি বলেন, "মুগাবে নির্বাচনে নিজেকে জয়ী দাবি করলে এবং তাকেই প্রেসিডেন্ট মনে করতে থাকলে আলোচনার পথ রুদ্ধ হয়ে যাবে। ওই অবস্থায় আমরা কি করে আলোচনা করব?"
তিনি আরও বলেন, "মুগাবের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত যাতে করে দেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে এবং অর্থনীতি গতি পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৪ঘ.
bdnews24