লন্ডন, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই বৃহস্পতিবার সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে তাকে আলোচনায় বসে সমাধানের পথে এগুতে হবে নতুবা লোকজনকে হত্যার দায়ে একজন 'অবৈধ' নেতা হিসাবে একঘরে হতে হবে।
ওদিকে, আফ্রিকার আঞ্চলিক সংগঠন সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)'র আফ্রিকান নেতারাও শুক্রবারের নির্বাচন বন্ধ করার জন্য মুগাবের ওপর চাপ বাড়াচ্ছেন।
কিন্তু জিম্বাবুয়ের ৮৪ বছর বয়স্ক প্রেসিডেন্ট মুগাবে মার্চের প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা স্যাঙ্গেরাইয়ের কাছে হেরেও হার স্বীকার করেননি। উপরন্তু নির্বাচনের পর বিরোধীদলের বিরুদ্ধে সহিংসতার আন্তর্জাতিক নিন্দাও গায়ে মাখেননি। ২৮ বছরের শাসন আরও দীর্ঘায়িত করার অঙ্গীকার করেছেন তিনি।
ওদিকে, ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্যাঙ্গেরাই ব্রিটেনের 'টাইমস' পত্রিকার সঙ্গে এক সাাৎকারে বলেছেন, "মুগাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকলে তার সঙ্গে কথা বলার সময় শেষ হয়ে যাবে।"
তিনি বলেন, মুগাবে নির্বাচনে নিজেকে জয়ী দাবি করলে এবং তাকেই প্রেসিডেন্ট মনে করতে থাকলে আলোচনার পথ রুদ্ধ হয়ে যাবে। ওই অবস্থায় আমরা কি করে আলোচনা করব? তিনি আরও বলেন, মুগাবের মতা থেকে সরে দাঁড়ানো উচিত যাতে করে দেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে এবং অর্থনীতি গতি পায়।
স্যাঙ্গেরাই আরও বলেন, মুগাবে যদি নির্বাচনের পরে তাকে কোনোও প্রস্তাব দেন বা কোনো রদবদল করেন তাহলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, " আমি আপনাকে বলে দিয়েছি যে, আমি নির্বাচনের আগে আলোচনায় বসব, নির্বাচনের পরে নয়। কারণ এ আলোচনা নির্বাচন নিয়ে নয়, জিম্বাবুয়ের উত্তরণ নিয়ে।"
স্যাঙ্গেরাই বলেন, আপনি আমার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হয়েছেন, নিরস্ত্র জনগণকে হত্যা করেছেন এবং এখনও তা করছেন। সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে। তাহলে কিভাবে আপনি নিজেকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট দাবি করতে পারেন? আপনি অবৈধ। আমি কোনোও অবৈধ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ঘ.
bdnews24