২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতি ঘোষণা উলফা'র একাংশের

ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গেরিলা দল 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম' (উলফা) এর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার অনির্দিষ্টকালের জন্য অস্ত্র বিরতি ঘোষণা করেছেন। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 06:27 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

গুয়াহাটি, ভারত, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গেরিলা দল 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম' (উলফা) এর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার অনির্দিষ্টকালের জন্য অস্ত্র বিরতি ঘোষণা করেছেন। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। গেরিলা দলটির আসাম রাজ্যের কমপক্ষে ছয়জন মাঠ পর্যায়ের কমান্ডার অস্ত্র বিরতির এ সিদ্ধান্ত নিয়েছেন। অস্ত্র বিরতির সিদ্ধান্ত নেয়া কমান্ডারদের একজন জুন ভূঁইয়া টেলিফোনে চুক্তি স্বাক্ষরের কথা জানান। তিনি বলেন, "আমরা সরকারের সঙ্গে অনির্দিষ্টকালের অস্ত্র বিরতির ঘোষণা দিয়েছি এবং আলোচনার মাধ্যমে আমাদের দীর্ঘ দিনের সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান চাইছি।" বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা অন্য উলফা কর্মীদের মনোবল দুর্বল করে দেবে। ভারতের নিরাপত্তা বাহিনী গত কয়েক বছর ধরে উলফার বিপুল সংখ্যক কর্মীকে আটক এবং হত্যা করে বিচ্ছিন্নতাবদী দলটির বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। এর আগে ২০০৬ সালের সেপ্টেম্বরে ভারতের নিরাপত্তা বাহিনী প্রতিবেদন পেশ করে যে অস্ত্র বিরতির সুযোগ নিয়ে উলফা পুনর্গঠিত হচ্ছে। এর ফলে ভারত সরকার উলফার সঙ্গে আনুষ্ঠানিক অস্ত্র বিরতি ভেঙ্গে দেয়। অস্ত্র বিরতির ঘোষণা দেওয়া কমান্ডাররা উলফার ২৮তম ব্যাটেলিয়ানের সদস্য এবং এটা সংগঠনটির একটি শক্তিশালী ইউনিট। ভারতের ওই অঞ্চলে উলফাসহ বেশ কয়েকটি বিদ্রোহী দল রয়েছে যারা স্বাধীন মাতৃভূমি কিংবা অধিকতর রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২০৪ ঘ.