২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাই প্রধানমন্ত্রী

বিরোধী দলের চলমান বিক্ষোভের মুখেও রোববার পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্যাংকক, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিরোধী দলের চলমান বিক্ষোভের মুখেও রোববার পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ। গত কয়েকদিনের মধ্যে প্রথম প্রকাশ্য বিবৃতিতে রোববারের নিয়মিত সাপ্তাহিক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, তিনি আইনসম্মতভাবে ক্ষমতায় এসেছেন এবং আইনসম্মতভাবেই তার সরকার ক্ষমতায় রয়েছে, ফলে পদত্যাগের প্রশ্ন আসে না। ৭৩ বছর বয়সী এ ডানপন্থী নেতা জানিয়েছেন, বিরোধীদের বিক্ষোভ দমনে পুলিশ কিংবা সেনাবাহিনী পাঠাবেন না তিনি। 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' (পিএডি) শুক্রবার থেকে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় 'গভর্নমেন্ট হাউস' এর সামনে অবস্থান ধর্মঘট করছে। থাই প্রধানমন্ত্রী বলেন,"যেভাবে আমি ক্ষমতায় এসেছি তা আইনসম্মত ছিল এবং আইন মেনেই আমার সরকার ক্ষমতায় রয়েছে।" তিনি বলেন, "দেশের স্বার্থে আমি ধৈর্য ধারণ করব এবং দেখব কারা বেশি সহনশীল। আমার দৃঢ় বিশ্বাস, আমি পরিস্থিতি সামাল দিতে পারব। পিএডি'র সঙ্গে সংঘর্ষে যাবো না আমি। সোমবার দিন আমি অফিসে যাব এবং সেখানে কাজ করব। আমার জন্য সেখানে যাবার আরও দরজা আছে।" ওদিকে, বিরোধী দল পিএডি'র নেতা পিপব থংছাই বলেছেন, "বিক্ষোভ চলতে থাকবে।" তিনি বলেন, "আমাদের অবস্থান হচ্ছে, থাকসিনের উত্তরসূরী সামাক এর অব্যবস্থাপনার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.