আমারা, ইরাক, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর আমারায় শিয়া জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে ফুসে উঠেছে শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল-সদরের সমর্থকরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানকে তারা 'উস্কানি' হিসেবে অভিহিত করেছে।
আমারায় সদর মুভমেন্টের প্রধান আদনান আল-সেলাওয়ি জানিয়েছেন, সদর সমর্থকরা আশা করেছিল নিরাপত্তা বাহিনী নতুন এই অভিযানে আইনি ব্যবস্থাই নেবে।
তিনি অভিযোগ করেন, "কিন্তু দূঃখজনক বিষয় হলো, তারা নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। তারা সাধারণ জনগণকে হয়রানি করছে। যত্রতত্র গুলি চালাচ্ছে এবং মানুষকে ধরে পেটাচ্ছে।"
সেলাওয়ি জানান, নিরাপত্তা বাহিনী অন্যান্য ইসলামী দলগুলোর বিলবোর্ড রেখে শুধু বেছে বেছে সদরের দলের বিলবোর্ডগুলো নষ্ট করে দিচ্ছে।
তিনি বলেন, "এটা উস্কানি ছাড়া আর কিছু নয়।"
অভিযানের নেতৃত্বদানকারী মেজর জেনারেল তারিক আব্দুল ওয়াহাব বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, "আজ সকাল থেকেই অভিযান শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকজন জঙ্গিকে আটক করেছি। তবে তাদের পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। অভিযান ভালভাবেই চলছে।"
পুলিশের দুটি উর্ধ্বতন সূত্র এবং মাইসান প্রাদেশিক সরকারের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, আটককৃতদের মধ্যে আছেন, শহরের মেয়র রাফিয়া আব্দুল জব্বার ও নগর পরিষদের একজন সদস্য।
দেশে আইন-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ এই অভিযান।
আড়াই লাখ মানুষের শহর আমারা মার্কিন বিরোধী শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল সদরের মাহদি আর্মির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১২ ঘ.
bdnews24