২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন: ডব্লিউএইচও

চীনে ভূমিকম্প বিধ্বস্ত এলাকার দুর্গতের মধ্যে কমপক্ষে ১০ ভাগ মানুষের মানসিক চিকিৎসা সেবা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

বেইজিং, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- চীনে ভূমিকম্প বিধ্বস্ত এলাকার দুর্গতের মধ্যে কমপক্ষে ১০ ভাগ মানুষের মানসিক চিকিৎসা সেবা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ কথা জানিয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ১২ মে আঘাত হানে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। ওই ভূমিকম্পে কমপক্ষে ৭০ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি পঙ্গু হয়েছে অসংখ্য মানুষ। তাদের পুর্নবাসনের পাশাপাশি ওই অঞ্চলের মানুষকে মানসিক চিকিৎসা সেবা দেওয়া দরকার বলে মনে করছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও'র চীনা প্রতিনিধি হ্যান্স ট্রোডসন এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা জানি এই ধরণের বড় বিপর্যয়ের মুখিমুখি মানুষদের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন হয়।" তিনি আরও বলেন, "আমরা আরও জানি এ রকম বিপর্যয়ের পর ১০ ভাগেরও বেশি মানুষকে মানসিক চিকিৎসা করানো দরকার হয়।" ট্রোডসন জানিয়েছেন, ভূমিকম্পের পর হাসপাতালগুলো ভরে গিয়েছে আহত মানুষে। তবে যারা চিকিৎসা সেবা পেয়েছে তাদের মধ্যে খুব অল্প মানুষই মারা গেছে। তাছাড়া এই এলাকায় আগামী দিনগুলোতেও আর রোগবালাই ছড়িয়ে পড়ার তেমন সম্ভাবনা নেই। ভবিষ্যতে এ ধরণের প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের চিকিৎসা সেবা বাড়াতে হাসপাতালগুলো সংস্কারে চীন সরকারের সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.