২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২য় দফা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই ২৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। তার দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর এক মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

হারারে, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই ২৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। তার দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর এক মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন। এমডিসি'র মুখপাত্র নেলসন খামিসা রয়টার্সকে বলেন, সরকারের এ ধরনের খেলায় অংশ না নেওয়ার জন্য গোটা দেশ জুড়েই স্যাঙ্গেরাইয়ের অগণিত সমর্থক বিশেষ করে, পল্লী অঞ্চলের সমর্থকরা তাকে চাপ দিচ্ছে। তবে স্যাঙ্গেরাই এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মধ্যকার দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টিতে এমডিসি কখন সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে খামিসা কিছু বলেননি। গত ২৯ মার্চের পার্লামেন্ট নির্বাচনে স্যাঙ্গেরাই প্রেসিডেন্ট মুগাবেকে পরাজিত করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ২য় দফায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন দেখা দিয়েছে। জিম্বাবুয়ের বিরোধীদল, মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা বিশ্ব একযোগে নির্বাচন নিয়ে মুগাবে ও তার ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। মুগাবে সরকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। এমডিসি বলেছে, নির্বাচনের প্রাক্কালে জানু-পিএফ পার্টির মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর হাতে অন্ততপক্ষে ৭০ জন বিরোধীদলীয় কর্মী নিহত হয়েছে। মারধোর এবং হয়রানির শিকার হয়েছে আরও হাজার হাজার লোক। এই রক্তক্ষয়ের জন্য মুগাবে সরকারের কর্মকর্তারা বিরোধীদলকে দায়ী করেছেন। গত মাসে বিরোধীদলীয় নেতা স্যাঙ্গেরাইকে ৫বার আটক করেছে সরকার। দেশদ্রোহিতার অভিযোগে আটক হয়েছে স্যাঙ্গেরাইয়ের লেফটেনেন্ট তেন্দাই বিটিও। শুক্রবারেই তার মুক্তির ব্যাপারে আদালতের রায় হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৮ঘ.