লস এঞ্জেলেস, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের হবু প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার নির্বাচনী প্রচারাভিযানের সমাবেশে যোগ দিয়েছেন খ্যাতনামা হুলিউড তারকারা। যারা ক'দিন আগেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন। এখন তারাই ওবামা শিবিরে যোগ দিয়ে তার হাতকে শক্তিশালী করতে তহবিল যোগান দেওয়াসহ তারকাশক্তিকে কাজে লাগানোর প্রতিশ্র"তি দিচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের দৌড়ে হিলারি এ মাসে হার স্বীকার করে নেওয়ার পর হলিউড সেলিব্রেটিরা অবিলম্বে ওবামাকে সমর্থন দিয়েছেন। এ দলে আছেন, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যান্কস, স্কারলেট জোহ্যানসন, হ্যালে বেরি, 'একটরস টক শো' এর আয়োজক অপরাহ উইনফেরিসহ আরও অনেকে।
এতে করে ইলিনয়ের সিনেটর ওবামা হয়ত তহবিল সমৃদ্ধ হবেন, কিন্তু ভোটের ক্ষেত্রে তারকাদের এই সমর্থনের সরাসরি প্রভাব অনিবার্য নয়।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্বেবিদ্যালয়ের বিজ্ঞ পণ্ডিত শেরী বেবিচ জেফ এর কারণ সম্পর্কে বলেছেন, একজন রাজনীতিবিদ একবার পরিচিতি পেয়ে গেলে ভোটাররা তখন সেই পরিচিতির সূত্রে এবং তার অবস্থানের ভিত্তিতেই তাকে ভোট দেয়। তা তার পক্ষে খ্যাতিমান তারকাদের সমর্থন থাক বা নাই থাক।
আবার তারকাদের ভাবমূর্তির কারণে কোনোও কোনোও সময় নির্বাচনী প্রার্থীর ক্ষতিও হতে পারে। টেক্সাসের গভর্নর অ্যান রিচার্ডস এর জন্য জেন ফোন্ডা এবং বারবারা স্ট্রেইসেন্ডের প্রচারাভিযানে এমনটি হয়েছিল। ওই নির্বাচনে রিচার্ডস জিততে পারেননি।
তবে জেফ বলেন, লস এঞ্জেলসে তারকাদের অনেক প্রভাব আছে। তারা অর্থ খরচ করতেও সক্ষম। মঙ্গলবার ওবামার তহবিল সংগ্রহে বহু সেলিব্রেটিই সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে।
পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তার পার্টনার 'ড্রিমওয়ার্ক মভি স্টুডিও'র ডেভিড জিফেন, 'ড্রিমওয়ার্ক এনিমেশন'এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেফারি কাজেনবার্গও ওবামার তহবিল বাড়ানোয় চেষ্টায় তার সঙ্গে থাকছেন।
জেফ বলেন, হলিউড তারকারা একবার মনস্থির করে ফেললে তারা তহবিল বাড়ানোয় ভালো কাজে আসবে।
তবে ওবামার ক্যালিফোর্নিায়ার প্রচারাভিযান ম্যানেজার মিশেল শোয়ার্জ বলছেন, হলিউডে ওবামার আবেদন এখনও সীমিত পর্যায়ে আছে। ওবামার চেয়ে হিলারি হলিউডের সমর্থন আরও বেশি পেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০০ঘ.
bdnews24