২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার মহড়া চালাল ইসরায়েল: নিউ ইয়র্ক টাইমস

ইসরায়েল এ মাসে ভূমধ্যসাগরে বড় ধরনের সমরিক মহড়া চালিয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য বোমা হামলার প্রস্তুতিতেই ইসরায়েল এ মহড়া চালিয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা একথা বলেছেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ওয়াশিংটন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল এ মাসে ভূমধ্যসাগরে বড় ধরনের সমরিক মহড়া চালিয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য বোমা হামলার প্রস্তুতিতেই ইসরায়েল এ মহড়া চালিয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা একথা বলেছেন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, "জুনের প্রথম সপ্তাহে ইসরায়েলের প্রায় ১০০ টি এফ-১৬ ও এফ-১৫ জঙ্গি বিমান পূর্ব ভূমধ্যসাগর ও গ্রিসে ওই মহড়ায় অংশ নেয়।" পত্রিকায় বলা হয়েছে, "মহড়ার ধরণ দেখে মনে হচ্ছে, ইসরায়েল দূর-পাল্লার হামলা চালানোর কৌশল আয়ত্ব করার চেষ্টা নিয়েছে। আর ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে--- এ মহড়া থেকেই তা স্পষ্ট।" ইসরায়েলের কর্মকর্তারা এই মহড়া সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বলে জানিয়েছে পত্রিকাটি। তবে টাইমস জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র কেবল এটুকুই বলেছেন যে, ইসরায়েল যে সমস্ত হুমকির মুখে রয়েছে তা মোকাবেলায় সংঘাতে নামার নানারকম মিশনের জন্য তাদের বিমান বাহিনী নিয়মিত প্রশিক্ষণ নেয়। কিন্তু মহড়া সম্পর্কে পেন্টাগনের এক কর্মকর্তার ব্রিফিং তুলে ধরে টাইমস জানায়, এর একটা উদ্দেশ্য হল ইরানের পরমাণু স্থপনাগুলোতে সম্ভাব্য হামলা চালানোর জন্য উড্ডয়ন কৌশলসহ আরও নানারকম কলাকৌশল এবং দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শেখা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, মহড়ার ২য় লক্ষ্য হচ্ছে, ইরানকে এই বার্তা দেওয়া যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের চেষ্টা ব্যর্থ হলে ইরানে সেনাশক্তি ব্যবহার করতে ইসরায়েল প্রস্তুত। টাইমস জানায়, পেন্টাগনের কর্মকর্তা এও বলেছেন, "তারা চায় আমরা, ইউরোপীয়রা এবং ইরানিরা এটা জানুক। বিভিন্ন দিক থেকেই নানারকম সংকেত দেওয়া হচ্ছে।" কয়েকজন মার্কিন কর্মকর্তা অবশ্য টাইমস' কে বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে বা এ ধরনের হামলা আসন্ন বলে তিনি মনে করেন না। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় অটল থাকার কারণে জাতিসংঘ ইরানে কয়েকদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসুচি পরমাণু বোমা বানানোর জন্য নয় বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। ফলে ইরান এ কর্মসূচি পরিহারে অস্বীকৃতি জানানোসহ পশ্চিমাদের অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্যাকেজ প্রস্তাবও প্রত্যাখ্যান করে এসেছে। তবে গত বৃহস্পতিবার ইরান জানিয়েছে তারা ওই প্যাকেজ প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৪ঘ.