দাদাব, কেনিয়া, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অংশে উত্তরোত্তর সংঘাতের কারণে শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সংস্থাগুলোকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।
কেনিয়ার দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া হাজার হাজার সোমালিয়ার নাগরিকদের শরণার্থী শিবির সফরকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) অ্যান্টোনিও গুটেরাস জানিয়েছেন, তার সংস্থার কার্যক্রম চালাতে আরও বেশি অর্থ প্রয়োজন।
তিনি বলেন, "ইরাক, লেবানন, আফগানিস্তন, পাকিস্তান সীমান্ত, দারফুর, চাদ, কঙ্গো ও সোমালিয়ার দিকে চেয়ে দেখেন.... পরিস্থিতি খুবই ভয়াবহ। শরণার্থীর সংখ্যা হুহু করে বাড়ছে।"
পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুটেরাস আরও বলেন, "শরণার্থীদের জন্য আমরা যে অর্থ বরাদ্দ করছি তা পর্যাপ্ত নয়। পরিস্থিতি মোকাবেলায় আমি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।" শরণার্থীদের পেছনে ব্যয় বাড়ানোর জন্য এউএনএইচসিআর এর ২৬ জন আন্তর্জাতিক কর্মকর্তাকে বিদায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইউএনএইচসিআর জানিয়েছে, গত বছর সারাবিশ্বে প্রায় এক কোটি ১৪ লাখ মানুষ শরণার্থী হয়েছে। ২০০৬ সালে এই সংখ্যা ছিল ৯৯ লাখ।
শুক্রবার বিশ্ব শরণার্থী দিবসের আগে কেনায়ার দাদাব এলাকা সফরে যান গুগেরাস। কেনিয়ার এই এলকার বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে সোমালিয়ার হাজার হাজার নাগরিক।
সোমালিয়ায় গত বছর সোমালি-ইথিওপিয়ান বাহিনীর সঙ্গে ইসলামি জঙ্গিদের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় দশ লাখ মানুষ। এই চলমান এই সংঘাতে নিহত হয়েছে সহস্রাধিক।
জাতিসংঘ জানিয়েছে, সোমালিয়া থেকে প্রতিমাসে প্রায় চার হাজার মানুষ কেনিয়ায় আশ্রয় নিচ্ছে। এদের মধ্যে দাদাব এলাকায় আছে প্রায় দুই লাখ মানুষ।
এছাড়া, এই এলাকার শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী দেশ সুদান, উগান্ডা, তাঞ্জানিয়া, ইথিওপিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রের হাজার হাজার শরণার্থী।
গুটেরাস জানিয়েছেন, সোমালিয়ার আরও প্রায় এক লাখ দশ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে ইয়েমেনে। এই সমস্ত শরণার্থীদের জন্য ইউএনএইচআরসি সাধ্যমতো সবকিছু করছে বলে তিনি জানান।
তিনি বলেন, "আমরা কখনোই সফল নই, কিন্তু দুর্গত এইসব মানুষদের জন্য আমরা যথাসম্ভব সবকিছু করতে প্রতিশ্র"তিবদ্ধ।"
বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24