২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি বিনিময়ের দ্বারপ্রান্তে ইসরায়েল-হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ গেরিলা এবং ইসরায়েল বন্দি বিনিময়ের ব্যাপারে চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লেবাননের এক রাজনৈতিক সূত্র বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

বৈরুত, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের হিজবুল্লাহ গেরিলা এবং ইসরায়েল বন্দি বিনিময়ের ব্যাপারে চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লেবাননের এক রাজনৈতিক সূত্র বুধবার একথা জানিয়েছেন। জাতিসংঘ নিয়োজিত জার্মান আলোচকের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ ২০০৬ সালে আটক দুই ইসরায়েলি সেনাকে ফিরিয়ে দেবে। তবে তারা এখনও জীবীত না মৃত তা স্পষ্ট জানা যায়নি। এই দুই সেনার বিনিময়ে হিজবুল্লাহকে ৪ লেবাননী বন্দিসহ ১০ হিজবুল্লাহ যোদ্ধার মৃতদেহ ফিরিয়ে দেবে ইসরায়েল। অজ্ঞাতপরিচয় ওই রাজনৈতিক সূত্র বলেন, "দুপক্ষ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের কাজ করছে। চুক্তির কিছু ছোটখাট বিষয় এখনও চূড়ান্ত হতে বাকি। সেগুলো চূড়ান্ত করতে হবে। এরপর আনুষাঙ্গিক আরও কিছু প্রস্তুতির প্রয়োজন পড়বে।" তিনি আরও বলেন, বন্দিবিনিময় শুরু হওয়ার আগে এ প্রক্রিয়া শেষ হতে ১০ দিন সময় লেগে যাবে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। এর আগে দুপক্ষের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়টিতে অগ্রগতির ব্যাপারে প্রশ্ন করা হলে জার্মান সরকারের মুখপাত্র আলরিখ উইলহেম বলেন, "বিষয়টির স্বরূপের কারণে আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারি না।" উল্লেখ্য, লেবাননের হিজবুল্লাহ গেরিলারা ২০০৬ সালের জুলাইয়ে আন্তঃসীমান্ত যুদ্ধের সময় লেবাননী ও আরব বন্দিদের মুক্ত করার উদ্দেশ্যে দুই ইসরায়েলি সেনাকে আটক করে। ওই দুই সেনাকে মুক্ত করতে ইসরায়েল লেবাননে ৩৪ দিনব্যাপী হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ঘ.