২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্যাকেজ প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি ইরান

পরমাণু কর্মসূচি বন্ধে পশ্চিমা বিশ্বের দেওয়া সর্বশেষ প্যাকেজ প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

কাম্পালা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বন্ধে পশ্চিমা বিশ্বের দেওয়া সর্বশেষ প্যাকেজ প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বৃহস্পতিবার একথা জানিয়েছেন। উগান্ডার রাজধানী কাম্পালায় এক সংবাদ সম্মেলনে মোত্তাকি বলেন, "বিশ্বশক্তিগুলোর দেওয়া নতুন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এবং সঠিক সময়েই তেহরান প্রতিক্রিয়া জানাবে। তবে তাদের জানিয়েছি যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি।" তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিরও উচিৎ ইরানের প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেওয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির পক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা গত শনিবার নতুন সাহায্য প্যাকেজ মোত্তাকির কাছে হস্তান্তর করেন। ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বৈঠকে অংশ নেওয়ার জন্য কাম্পালায় উপস্থিত মোত্তাকি বলেন, "আমরা যেমন তাদের প্রস্তাব বিবেচনা করছি, তাদেরও উচিৎ আমাদের দেওয়া প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেওয়া।" পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থানের মুখেও ইরান গত বুধবার আবারও জানায়, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। ইরানের উপ-পরাষ্ট্রমন্ত্রী আলীরেজা শেখাত্তার সাংবাদিকদের বলেন, "আমরা বারবারই বলে আসছি, আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। এই প্রযুক্তি কাজে লাগাব।" যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। তবে জাতিসংঘের পর্যবেক্ষণের অধীনেই তারা এ কাজ করবে। যদিও দেশটি এর আগেও জাতিসংঘ পর্যবেক্ষকদের বাধা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নেরে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা তেহরানের সঙ্গে বৈঠকের পর বলেছেন, আলোচনাকালে দেওয়া প্রস্তাবের ভিত্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা প্রযোজন। কিন্তু তেহরান বরাবরই এ শর্ত প্রত্যাখ্যান করে আসছে। পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর থাকলে ইরানে উত্তরোত্তর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা বিশ্ব। কিন্তু ইরান এ পর্যন্ত এই হুমকির কাছে মাথানত করার লক্ষণ দেখায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩২ ঘ.