প্যারিস, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ ও কম্পিউটার হামলার মতো সমসাময়িক হুমকি মোকাবেলার উপযোগী সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। মঙ্গলবার তিনি জানিয়েছেন, এই বাহিনী তুলনামূলকভাবে আকারে ছোট হবে। তবে তা হবে আরও বেশি সক্রিয় ও সুসজ্জিত।
প্যারিসে প্রায় তিন হাজার উর্ধ্বতন সেনা সদস্যের সামনে নতুন প্রতিরক্ষা নীতি উত্থাপন করে সারকোজি জানান, সেনা সদস্যদের উন্নতির জন্য সরাসরি আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ফ্রান্সে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় ৫০ হাজার সদস্যের চাকরি চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি সশস্ত্র বিভাগে তখন নিয়োজিত থাকবে ২,২৫০০০ সদস্য।
তখন দেশের বাইরে পাঠানোর উপযোগী সেনাসদস্যের সংখ্যা বর্তমানের ৫০ হাজার থেকে কমে ৩০ হাজার হবে।
সারকোজি বলেন, "গত ১৫ বছরে ফ্রান্স আগ্রাসনের মতো কোনো হুমকির মুখোমুখি হয়নি। হুমকির ধরণ ও মাত্রা পাল্টে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "এখন থেকে আমাদের বাইরের হামলার চেয়ে দেশের ভেতরের হামলা প্রতিরোধের দিকে নজর দিতে হবে।"
সমালোচকরা অভিযোগ করছেন, সারকোজি সরকার ফ্রান্সের সামরিক শক্তি কমিয়ে ফেলতে চলেছে। এর জবাবে তিনি বলেন, তার লক্ষ্য ফ্রান্সকে সামরিক দিক দিয়ে বর্তমানের চেয়ে আরও বেশি শক্তিশালী করে তোলা।
দেশের বাইরে আফগানিস্তান ও বলকান অঞ্চলে ১২ হাজার ফরাসি সেনা মোতায়েন আছে। তবে উপযুক্ত যুদ্ধ সরঞ্জাম, হেলিকপ্টার ও বিমান পরিবহনের অভাবে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করতে পারছে না। এ সমস্ত সেনা সদস্যদের বেশিরভাগ অংশকে প্রশাসনিক ও সহায়ক কাজ করতে হচ্ছে, যেখানে মাত্র ৪০ ভাগ যুদ্ধ ও অভিযানে অংশ নিতে পারছে।
তবে সারকোজি নিশ্চিত করেছেন, ফরাসি সেনারা শিগগির পুনরায় ন্যাটো বাহিনীতে যোগ দেবে। ফ্রান্স ১৯৬৬ সালে ন্যাটো থেকে তাদের সেনাসদস্যদের প্রত্যাহার করে নেয়।
তিনি জানিয়েছেন, ন্যাটো বাহিনীতে যোগ দেওয়া সত্ত্বেও ফ্রান্সের পরমাণু শক্তির ওপর দেশের কঠোর নিয়ন্ত্রণ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০৭ ঘ.
bdnews24