টোকিও, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সে খুবই আবেগপ্রবণ, সুন্দরী ও অমায়িক। নাচে-গানেও পারদর্শী। বললেই চুমু দেয়। তার খাওয়াও লাগে না। চলে ব্যাটারিতে।
নিঃসঙ্গ পুরুষদের জন্য এমনই এক রোবট বান্ধবী বানিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান। ৩৮ সেন্টিমিটার লম্বা সুন্দরী এই বান্ধবীর জন্য এককালীন খরচ প্রায় ১৭৫ মার্কিন ডলার। আগামী সেপ্টেম্বরে বাজারে ছাড়া হবে এই রোবট।
নিজের ইনফ্রারেড সেন্সর ও ব্যাটারি শক্তি ব্যবহার করে 'এমা' নামের ছোট্ট আকারের এই রোবট তার কাছের মানুষকে চুমু দেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে পারবে। রোবটটিকে 'লাভ মোডে' রাখলে সে এই অঙ্গভঙ্গি করবে বলে জানিয়েছেন এর প্রস্তুতকারকরা।
'এমা'র প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'সেগা টয়স'র মুখপাত্র মিনাকো সাকানৌ বলেন, "রোবটের ক্ষেত্রে শক্তিশালী, যুদ্ধে পারদর্শী ও কর্মক্ষম এ ধরনের কথাগুলোই শোনা যায়। কিন্তু আমরা এই ধারা ভাঙতে চেয়েছি। তাই এমন রোবট বানিয়েছি যা দেখতে সুন্দর আবার কথাও শোনে।"
সাকানৌ আরও বলেন, "এমা খুবই আকর্ষণীয়, মানুষ না হলেও সে প্রকৃতই বান্ধবীর মতো আচরণ করতে পারে।"
'এটার্নাল মেইডেন অ্যাকচুয়ালাইজেশন' থেকেই এমা নামকরণ করা হয়েছে এই রোবট বান্ধবীর। নাচ-গানে পারদর্শী এমা ব্যবসায়ীক কাজও করতে পারবে। সেগা টয়স আশা করছে প্রথম বছরেই তারা দশ হাজার 'এমা' বিক্রি করতে পারবে।
বর্তমানে বিশ্বের প্রায় আট লাখ বাণিজ্যিক রোবটের অর্ধেক আছে জাপানে। শতাব্দীর বুদ্ধিমান এই যন্ত্রমানবদের মাধ্যমে জাপানে প্রায় দশ বিলিয়ন ডলারের বাজার সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24