২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককেইনের চেয়ে এগিয়ে ওবামা: জরিপ

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের হবু প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। তবে কোনোও দলেরই সমর্থক নন এমন ভোটারদের মধ্যে ম্যাককেইনের জনপ্রিয়তা বেশি। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকাটি মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ওয়াশিংটন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের হবু প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। তবে কোনোও দলেরই সমর্থক নন এমন ভোটারদের মধ্যে ম্যাককেইনের জনপ্রিয়তা বেশি। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকাটি মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানায়। 'ওয়াশিংটন পোস্ট - এবিসি নিউজ' পরিচালিত ওই জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্ক মার্কিনিদের মধ্যে ৪৮ শতাংশ ওবামাকে সমর্থন করেন এবং ম্যাককেইনকে সমর্থন করেন ৪২ শতাংশ। কিন্তু কোনো দলেরই সমর্থক নন এমন ভোটারদের মধ্যে ম্যাককেইন ওবামার চেয়ে বেশি জনপ্রিয়। জরিপে বলা হয়, সন্ত্রাসবাদ এবং বিদেশনীতি সামলানোর প্রশ্নে ওবামার চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন ম্যাককেইন। ইরাক প্রশ্নে ম্যাককেইনের ওপর নিজের ভরসা রাখার কথা জানিয়েছেন, ৪৭ শতাংশ অংশগ্রহণকারী আর ওবামার ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন ৪৬ ভাগ অংশগ্রহণকারী। নির্দলীয় ভোটারদের মধ্যে ইরাক প্রশ্নে ম্যাককেইনকে সমর্থন দিয়েছেন ৪৫ শতাংশ এবং ওবামার প্রতি ৪৩ শতাংশ। ওবামার কম অভিজ্ঞতাই তার সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করা হচ্ছে। জরিপে দেখা গেছে, মাত্র ৫০ শতাংশ মার্কিনি মনে করেন ওবামার প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে। ৫৬ শতাংশ মনে করেন প্রেসিডেন্ট হিসেবে নিরাপদ পছন্দ ম্যাককেইন, আর ৫২ শতাংশ মনে করেন ওবামা। দু'জনের মধ্যে কে বেশি শক্তিশালী এই প্রশ্নের উত্তরে ম্যাককেইন এবং ওবামার দু'জনেই সমপরিমাণ সমর্থন পেয়েছেন। ৪৬ শতাংশ ওবামার এবং ৪৬ শতাংশ ম্যাককেইনকে শক্তিশালী নেতা বলে মনে করেন। পত্রিকাটি জানায়, অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ইসুগুলোতে ম্যাককেইনের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট বেশি সমর্থন পেয়ে এগিয়ে আছেন ওবামা। ১২ থেকে ১৫ জুনের মধ্যে ১,১২৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর এ জরিপ চালানো হয়। এ জরিপের ফলাফলে ভুলের আশঙ্কা শতকরা ৩ শতাংশ বলে জানিয়েছে পত্রিকাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.