কলকাতা, ভারত, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আলাদা রাজ্যের দাবিতে গুর্খাদের অনির্দিষ্টকালের ধর্মঘটে মঙ্গলবার অচল হয়ে গেছে দার্জিলিং। সর্বাত্মক এ ধর্মঘটে হুমকির মুখে পড়েছে দার্জিলিংয়ের চা এবং পর্যটন শিল্প। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে আলাদা 'গুর্খা' রাজ্য প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে গুর্খারা।
পূর্বঘোষিত এ ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকেই দার্জিলিংয়ের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কোনো যানবাহন চলছে না এবং বিপণিবিতান, খাবারের দোকান ও হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে কয়েকদিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নিয়ে পর্যটকদের দার্জিলিং ছেড়ে যাওয়ার সুযোগ দেয় আন্দোলনকারীরা। এরপর মঙ্গলবার থেকে ধর্মঘটের জন্য সব হোটেল জোর করে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা।
এ ধর্মঘট অনির্দিষ্টকাল চলতে থাকলে স্থানীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত পর্যটন এবং চা শিল্প হুমকির মুখে পড়তে পারে। চা শিল্পের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর সেরা জাতের দার্জিলিং চা এর উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ কমে যেতে পারে।
শিলিগুড়ি চা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিব লোকহান জানিয়েছেন, চা শ্রমিকদের ধর্মঘটের আওতামুক্ত রাখা হলেও পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় এবং সহিংসতার আশঙ্কায় চা শিল্প ক্ষতিগ্রস্ত হবে।
ওদিকে, গুর্খা জনমুক্তি মোর্চা'র (গুর্খা পিপলস লিবারেশন ফ্রন্ট) প্রধান বিমল গুরুং বলেছেন, "আমরা কমপক্ষে ৪৫ দিনের জন্য খাদ্য মজুদ করে রাখার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছি, যাতে করে ক্ষুধা ও অন্যান্য কষ্টের কাছে মাথা নত না করেই আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি"।
গুরুং বলেন, "আমরা সরাসরি নয়াদিল্লির সঙ্গে কথা বলতে চাই, স্থানীয় সরকারের সঙ্গে নয়।"ওদিকে, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজ্য সরকার।
কলকাতায় রাজ্যের পরিবহনমন্ত্রী সুভাস চক্রবর্ত্তী আন্দোলনকারীদের সতর্ক করে দিয়ে বলেন,"পাহাড়ে যদি ডিজেল ও পেট্টলের যোগান বন্ধ করে দেওয়া হয় তাহলে কি তা ভাল হবে?"
বিশ্লেষকরা বলছেন, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার গোর্খাল্যান্ডের এ দাবি মেনে নেবে না। বরং এ আন্দোলনের ফলে নেপালি বংশোদ্ভূত গুর্খাদের সঙ্গে বাঙ্গালীদের দীর্ঘস্থায়ী বিরোধ সৃষ্টি হবে এবং উভয়পক্ষের মধ্যে জমি এবং অন্যান্য সহায় সম্পত্তি নিয়ে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এর আগে আশির দশকের শুরুতে গুর্খাল্যান্ডের দাবিতে প্রথমবার বড় ধরনের আন্দোলন শুরু হয়েছিল। সেসময় এ আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রায় ১,২০০ লোকের প্রাণহানি ঘটে।
তবে এবারের আন্দোলন শান্তিপূর্ণ হবে বলে ঘোষণা দিয়েছেন গুর্খা নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24