টোকিও, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের উত্তরাঞ্চলে শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২০০ জন। নিখোঁজ অন্ততপক্ষে ১৩ জন মানুষের খোঁজ করছে ১ হাজারেরও বেশি উদ্ধারকর্মী ও সেনা।
ভূমিকম্পে উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভূমিধসে ওই হতাহতের ঘটনা ঘটে। সকাল ৮টা ৪৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিওর ৩০০ কিলোমিটার উত্তরে ইওয়াতে নামের একটি গ্রামীণ এলাকায়। এলাকাটিতে জনবসতি অত্যন্ত কম হওয়ায় এতো শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও প্রাণহানি এবং বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে।
জাপানের মুখ্যমন্ত্রিপরিষদ সচিব নবুতাকা মাচিমুরা সাংবাদিকদের প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ভূমিধসে এক ব্যক্তি নিহত হয়। আরেক ব্যক্তি ভূমিকম্পের সময় একটি ভবন থেকে দৌড়ে পালানোর সময় সামনের রাস্তায় একটি গাড়ির নীচে চাপা পড়ে মারা যায়।
উদ্ধারকর্মীরা পরবর্তীতে ধ্বংসস্তুপের মধ্য থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করে। এ পর্যন্ত সর্বমোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্পে আহতের সংখ্যা প্রথমে ১০০ জন বা হলেও পরে তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। ওদিকে, জাপান রেলওয়ে জানিয়েছে দুই স্টেশনের মাঝে আটকা পড়ায় একটি বুলেট ট্রেনের প্রায় ২,০০০ যাত্রী সেখানে আটকা পড়েছে।
রোববার সকাল পর্যন্ত ভূমিকম্পের প্রায় ২৬০ টি পরাঘাত অনুভূত হয়েছে। কর্মকর্তারা বলছেন, পরবর্তীতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৪ ঘ.
bdnews24