সাংহাই, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের উত্তরাঞ্চলের সাংঝি প্রদেশে শুক্রবার সকালে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৭ জন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার একথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, সাংঝি প্রদেশের 'আনজিন কোল মাইনিং কম্পানি'র একটি খনিতে ওই বিস্ফোরণের সময় ভূগর্ভে ৫৮ জন শ্রমিক কাজ করছিল। ১৫ জন সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং আরও ৯ জনকে উদ্ধার করা হয়।
সাংঝির কয়লাসমৃদ্ধ লুলিয়াং এলাকার ওই খনিটির লিফটের মধ্যে বিস্ফোরণটি ঘটে।
বিশ্বে কয়লার সবচেয়ে বড় ভোক্তা ও উত্তোলক চীন একইসঙ্গে সবচেয়ে বিপদজনক কয়লাশিল্পের দেশ। সরকারি হিসেবে ২০০৭ সালে দেশটিতে সব মিলিয়ে কয়লাখনি বিপর্যয়ে মোট ৩,৭৮৬ জন নিহত হয়েছেন। এ হার তার আগের বছরের চেয়ে ২০ ভাগ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১৫ ঘ.
bdnews24