২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের রুখতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত মুক্তিযোদ্ধারা: মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানিয়েছেন, আগামী ২৭ জুনের নির্বাচনে বিরোধীদের বিজয় ঠেকাতে প্রস্তুত মুক্তিযোদ্ধারা। তিনি বলেছেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

হারারে, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানিয়েছেন, আগামী ২৭ জুনের নির্বাচনে বিরোধীদের বিজয় ঠেকাতে প্রস্তুত মুক্তিযোদ্ধারা। তিনি বলেছেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নেবে। গত বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে মুগাবে জানিয়েছেন, মুক্তিযোদ্ধারা তার কাছে জানতে চেয়েছে বিরোধীদের ঠেকাতে তারা প্রস্তুতি নেবে কিনা। রাষ্ট্র পরিচালিত 'হেরাল্ড' পত্রিকা এ কথা জানিয়েছে। মুগাবে বলেন, "গত ২৯ মার্চের নির্বাচনের পর তারা আমার কার্যালয়ে এসে জানতে চেয়েছিল, 'আমরা কি অস্ত্র তুলে নেব?'"। হেরাল্ড লিখেছে, মুগাবে তাদের জানিয়েছেন তিনি চান না দেশ যুদ্ধাবস্থায় ফিরে যাক। কিন্তু তিনি এ কথাও জানিয়েছেন, জিম্বাবুয়ের শাসন ক্ষমতা কখনো বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) হাতে যাবে না। গত ২৯ মার্চের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এমডিসি। একই দিন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও বিজয়ী হন তাদের নেতা মর্গান স্যাঙ্গেরাই। কিন্তু তিনি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ঘোষণা দেয়। আগামী ২৭ জুন দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুগাবে বলেন, "আমরা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। দেশের শাসন ক্ষমতা কখনোই এমডিসির হাতে যাবে না। তারা দেশটাকে সাবেক শেতাঙ্গ শাসকদের হাতে তুলে দেবে। এটা কখনোই হতে পারে না।" মুগাবের জানু পিএফ সরকার বিরোধীদের দমন করতে এর আগেও দলের তরুণ কর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে। মানবাধিকার সংগঠনগুলোসহ বিরোধী নেতা স্যাঙ্গেরাই অভিযোগ করেছেন, দ্বিতীয় দফা নির্বাচনে জিততে মুগাবে সরকার বিরোধী নেতাকর্মীসহ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। স্যাঙ্গেরাই জানিয়েছেন, বিতর্কিত প্রথম দফা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতায় তাদের কমপক্ষে ৬৫ কর্মী-সমর্থক নিহত হয়েছে। অধিকাংশ হামলা মুগাবের জানু-পিএফ পার্টির লোকজন করেছে বলে দাবি এমডিসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.