ওসাকা, জাপান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জি-৮ অর্থমন্ত্রীদের সম্মেলনে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে দুর্বল মার্কিন ডলার। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে জাপানে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মালয়েশিয়া থেকে স্পেন পর্যন্ত ছড়িয়ে পড়া বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্বের ধনী ও ক্ষমতাশালী দেশগুলোর অর্থমন্ত্রীরা ডলারের দাম কমার সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখবেন এই বৈঠকে।
গত এক বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। তাছাড়া, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ডলারের দর পতনের কারণে ওয়াশিংটনও উদ্বিগ্ন।
জাপানের অর্থমন্ত্রী ফুকুশিরো নুকাগা জানিয়েছেন, মুদ্রার বিষয়টি নিয়ে তিনি মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসনের সঙ্গে আলোচনা করেছেন। অর্থমন্ত্রীদের বৈঠকের আলোচ্যসূচি পরিবর্তনের বিষয়টি গত সপ্তাহেও নুকাগা প্রত্যাখ্যান করেছিলেন। তবে মার্কিন মন্ত্রীর সঙ্গে ডলারের বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা জানাতে অস্বীকার করেন তিনি।
জি-৮ সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যংকের প্রধানদের অনুপস্থিতির কারণে জাপানের ওসাকায় আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে আলোচনার মূল সূচিতে মুদ্রার বিষয়টি ছিল না।
কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে খাদ্যের দামবৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে তবে ফরাসি অর্থমন্ত্রী ল্যাগারদে জানিয়েছেন, ডলারের বিষয়টি নিয়ে আলোচনায় সদস্য দেশগুলো পক্ষে-বিপক্ষে সমানভাবে বিভক্ত হয়ে পড়েছে।
ল্যাগারদে বলেন, "ডলারের শক্তিশালী হওয়াকে আমি সন্তোষজনক মনে করি। তারপরও বিশ্ববাজারের স্থিতিশীলতার সঙ্গে ডলার-ইউরো বিনিময় মূল্য এবং তেলের মূল্যবৃদ্ধির একটা সম্পর্ক আছে।
জাপানের ফিনন্সিয়াল সার্ভিস মন্ত্রী ইয়োশিমি ওয়াতানাবে বলেন, "ডলারের দরপতন রোধ করা অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৩ ঘ.
bdnews24