ব্রাসেলস, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। একইসঙ্গে তিনি বিষয়টির তদন্ত কাজে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে বৃহস্পতিবার তিনি এসব কথা জানান।
ওদিকে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তান ওই হামলার জন্য আফগনিস্তানে নিয়োজিত মার্কিন সেনাদের দায়ী করেছে। তারা ওই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর বলে আখ্যায়িত করেছে এবং অভিযোগ করেছে যে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনারা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে।
রবার্ট গেটস বলেন, "আমাদের সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তান গুরত্বপূর্ণ অংশীদার এবং ওইখানে আমরা একটা কিছু করেছি, যেটা একটা সমস্যা তৈরী করেছে আমি ব্যক্তিগতভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।"
ওই হামলা সম্পর্কে এ প্রথম রবার্ট গেটস মুখ খুললেন। তিনি বলেন, "আমরা একটা ঘটনা ঘটিয়েছি যা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সরকারের মধ্যে সমস্যা সৃষ্টি করছে এবং আমি প্রত্যাশা করছি তারা তদন্তে অংশগ্রহণ করবে।"
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে মঙ্গলবার মার্কিন বিমান হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এর ফলে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ওই হামলার পর ওয়াশিংটন ঘটনাটিকে আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করে এবং জানায় সেনারা আত্মরক্ষার জন্যই বিমান হামলা চালায়।
গেটস বলেন, "আমরা চিন্তা করছি সব প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তা করা হবে তদন্তের সিদ্ধান্ত গ্রহণের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১৫ ঘ.
bdnews24